প্রশাসনের নির্দেশে শ্রীনগর উচ্চবিদ্যালয়ে পাঠদান শুরু
পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে টানা চার দিন বন্ধ থাকার পর কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চবিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন গতকাল বৃহস্পতিবার পাঠদান শুরু করেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিক্ষার্থী-শিক্ষক ছাড়া বিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা পর্ষদসহ বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদ গঠন নিয়ে ২০০৬ সাল থেকে বিদ্যালয়টিতে অচলাবস্থা বিরাজ করছে। বর্তমানে পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোশতাক হোসেন। গত বছরের ২ ডিসেম্বর গঠিত কমিটিতে সভাপতি হন মোশতাক। কমিটি থেকে মোশারফের পক্ষের একমাত্র বিজয়ী মুকসেদ আলী বাদ পড়েন। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে মোশতাক ৪ মার্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করেন। এই দুই ইস্যুতে পক্ষ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
এ অবস্থায় গত রোববার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে দেন। এই নিয়ে গত মঙ্গলবার প্রথম আলোতে ‘পরিচালনা পর্ষদ নিয়ে দ্বন্দ্বে পাঠদান বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে জেলা ও উপজেলা প্রশাসন পাঠদান শুরুর বিষয়ে উদ্যোগী হয়। মঙ্গলবারই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন শ্রীনগর গ্রামে যান। সেখানে গিয়ে তিনি উভয় পক্ষ ও অভিভাবকদের নিয়ে সভা করেন। পরিচালনা পর্ষসহ পক্ষ দুটির সমর্থক এবং বহিরাগতরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারবেন না—এমন শর্তে উভয় পক্ষ পাঠদান শুরুর পক্ষে মত দেয়। অবশেষে গতকাল বিদ্যালয়ে পাঠদান শুরু হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, কোনো দ্বন্দ্বেই পাঠদান বন্ধ হতে পারে না। এরপর যদি এমন হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।