কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজারের ঝুঁকিপূর্ণ সততা মার্কেটটি তিন দিনের মধ্যে খালি করতে নির্দেশ দিয়েছিল প্রশাসন। নির্দেশের পর সাত দিন পার হলেও মার্কেটটিতে এখনো ব্যবসা-বাণিজ্য চলছে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সুপারিশে ৫ মে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুঁকিপূর্ণ ভবনটি ৮ মের মধ্যে খালি করতে লিখিত নির্দেশ দেন। সততা মার্কেটের মালিক প্রকাশ কান্তি দে প্রথম আলোকে বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ-সংক্রান্ত একটি চিঠি আমার হাতে এসেছে। এরপর আমি ভাড়াটিয়া দোকানদারদের বলেছি দোকান ছেড়ে দিতে, কিন্তু তারা রাজি হচ্ছে না।’
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবদিন বলেন, ‘তিন দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনটি খালি করতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছিল। চেয়ারম্যান আমাকে জানিয়েছেন, মার্কেটের ভাড়াটিয়ারা চার-পাঁচ দিন সময় নিয়েছেন। দেখি কী করা যায়। অন্যথায় ভবনটি সিলগালা করে দেওয়া হবে।