ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রামে ইজারা নেওয়া অর্পিত সম্পত্তি থেকে গত ৯ জুলাই অবৈধভাবে নয়টি ফলবান নারকেলগাছসহ ১৫টি গাছ কাটা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ব্যবস্থা নিতে গড়িমসি করছে স্থানীয় প্রশাসন। দীর্ঘদিনেও সরকারি গাছ কাটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকাকে ‘রহস্যজনক’ দাবি করেছেন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের নির্দেশে গাছগুলো কাটা হয়।বোয়ালমারী সাহিত্য সংস্কৃতি উন্নয়ন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এম তবিবর রহমান বলেন, ‘দীর্ঘদিন পার হলেও প্রশাসনের রহস্যজনক নীরবতা ও আইনগত ব্যবস্থা নেওয়ায় গড়িমসি আমাদের আরও হতাশ করেছে।’উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন জানান, ক্ষমতার সঙ্গে থাকা লোকজন যেহেতু ওই গাছ কাটার ঘটনা ঘটিয়েছে, তাই আইন এখানে অকার্যকর!উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাব্বির ইকবাল আগে বলেছিলেন, ‘অর্পিত সম্পত্তির ওই গাছগুলো অবৈধভাবে কাটার বিষয়টি আমি অবহিত হয়েছি। কিন্তু সময়ের অভাবে খোঁজ নেওয়া হয়নি। জায়গার মালিক যেহেতু উপজেলা ভূমি অফিস, তাই আমরা যা ভালো বুঝব, সেভাবেই কাজ করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন জাহান পাল্টা প্রশ্ন করে বলেন, যারা ওই সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কি আদৌ আমাদের পক্ষে ব্যবস্থা নেওয়া সম্ভব?’গত ১২ জুলাই ‘অবৈধভাবে সরকারি গাছ কাটলেন আ.লীগ নেতা’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।