প্রশাসনের বাধা উপেক্ষা, নদীর জায়গায় স্থাপনা নির্মাণ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর বাজারের পাশে ইছামতীর শাখা নদী দখল করে বিপণিবিতান ও বাংলো নির্মাণ কাজ অব্যাহত রয়েছে৷ স্থানীয় এক প্রভাবশালী প্রশাসনের স্থগিতাদেশ উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
গত ৪ জুন প্রথম অালোয় ‘নদী দখল করে মার্কেট ও বাংলো নির্মাণ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় বিকেলেই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করেন৷ এ সময় তিনি বিপণিবিতানের সামনে লাল নিশানা টানিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন৷
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বাধা উপেক্ষা করে রাতে বেলা ওই নিশানা সরিয়ে প্রভাবশালী রবিন টেক্সটাইলের মালিক ব্যবসায়ী আবু খায়ের মো. শাখাওয়াতের লোকজন আবারও কাজ শুরু করেছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক জনপ্রতিনিধি বলেন, চিত্রকোট ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শামসুল হুদা ওরফে বাবুলের ইন্ধনে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে কাজ চলছে৷
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর মহল আশরাফী বলেন, বৃহস্পতিবার দুপুরে কাগজপত্র নিয়ে উপজেলায় আসতে বলা হলেও তাঁরা আসেননি৷ তবে নির্দেশ উপক্ষো করে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে৷
সাখাওয়াত দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি৷ তাঁর চাচাতো ভাই স্বপন মোল্লা বলেন, নিজেদের জায়গাতেই তাঁরা কাজ করছেন৷ শামসুল হুদা বলেন, তিনি ভবনের মালিক নন৷ ঠিকাদার হিসেবে তিিন মালিকপক্ষের নির্ধারণ করা সীমানায় কাজ করছেন৷