হবিগঞ্জ শহরে সরকারি পুকুর থেকে দখলকারীদের উচ্ছেদের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। সভায় সাত দিনের মধ্যে ওই মামলা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছেন এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, শহরের চৌধুরীবাজার এলাকায় প্রায় এক একর আয়তনের একটি পুকুর দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা দখল করে রেখেছিল। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে উচ্ছেদ অভিযান চালিয়ে ওই পুকুরটি উদ্ধার করে। অবৈধ দখলকারীরা সম্প্রতি জেলা প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এতে অনেকটা ভাটা পড়ে উচ্ছেদ অভিযান। দখলকারীরা মামলায় অভিযোগ করেন, প্রশাসন অন্যায়ভাবে তাঁদের উচ্ছেদ করেছে। তাঁরা সরকারি কোনো ভূমি দখল করেননি।
দখলকারীদের ওই মামলার প্রতিবাদে বিকেলে ওই পুকুর পাড়ে সমাবেশের আহ্বান করেন চৌধুরীবাজার এলাকার বাসিন্দারা। এ সময় বক্তারা বলেন, সাত দিনের মধ্যে ওই মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি তাঁরা পুকুরপাড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও পুকুর সুরক্ষার দাবি জানান। পুকুর সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি জগদীশ মোদক এতে সভাপতিত্ব করেন।