প্রশাসনের বৈঠক, খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তর ভাদার্ত্তী গ্রামে খ্রিষ্টান সম্প্রদায়ের দুই ব্যক্তির বেদখল হওয়া জমি গতকাল রোববার পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা এ জমি নিয়ে বিবদমান দুই পক্ষকে নিয়ে বৈঠকও করেছেন। জমি দখলের খবরে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। কালীগঞ্জের উত্তর ভাদার্ত্তী এলাকার বাইপাস সড়কের পাশে খ্রিষ্টান সম্প্রদায়ের দুজনের জমি দখল করে নেওয়ার বিষয়ে গতকাল প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খবরটি গাজীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন তালুকদারের দৃষ্টিগোচর হলে তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। পরে কালীগঞ্জের ইউএনও মুহাম্মদ ফজলে আজিম ও কানুনগো সারোয়ার হোসেন বেদখল হওয়া জমি পরিদর্শন করেন এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে উভয়পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ইউএনও প্রথম আলোকে বলেন, এ জমির বিষয়ে দুই পক্ষই আদালতের আশ্রয় নিয়েছে। তাই আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।জেলা প্রশাসক বলেন, ‘বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেছি।’প্রসঙ্গত, কালীগঞ্জের উত্তর ভাদার্ত্তী গ্রামে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের ত্রিমোড়ের পাশের ১৫ শতাংশ জমি ছিল অমল কস্তার। দীর্ঘদিন আগে তিনি ওই জমি ‘সমাজসেবক’ রফিকুল ইসলাম ওরফে সিজুর কাছে বিক্রি করেন। ওই জমির পূর্ব পাশে গ্যাব্রিয়েল কস্তার ২৪ শতাংশ জমি। তার পূর্ব পাশে বেঞ্জামিন গোমেজের আট শতাংশ জমি। সম্প্রতি রফিকের বিরুদ্ধে বেঞ্জামিন গোমেজ ও গ্যাব্রিয়েল কস্তার ওই জমি দখলের অভিযোগ ওঠে। রফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের বড় ভাই। মাইনুল ইসলাম স্থানীয় সাংসদ মেহের আফরোজের ঘনিষ্ঠজন বলে পরিচিতি রয়েছে।নিন্দা: বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও খ্রিষ্টান সম্প্রদায়ের দুই ব্যক্তির জমি দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, গত বছর থেকে নিরীহ মানুষের এ জমি দখলের প্রচেষ্টার বিরুদ্ধে বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে কার্যকর কোনো সহায়তা পাওয়া যায়নি। তিনি দখল হওয়া জমি দ্রুত উদ্ধারের আহ্বান জানান। প্রতিবাদ: গতকাল প্রথম আলোয় প্রকাশিত এ বিষয়ক খবরের প্রতিবাদ জানিয়েছেন রফিকুল ইসলাম। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক এবং আসন্ন কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী। তিনি বেঞ্জামিন গোমেজ ও গ্যাব্রিয়েল কস্তার জমি দখলের অভিযোগ অস্বীকার করেন।