প্রশাসনের মদদে বালুর ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর পিলার ঘেঁষে বালু উত্তোলন ও সেতুর পাশে নদী দখল করে অবৈধ বালুর ব্যবসা চলছে প্রশাসনের প্রত্যক্ষ মদদে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী ক্ষতিগ্রস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে মেঘনা ঘাটে এসে এ কথা বলেন। তিনি বলেন, প্রশাসনের মদদ থাকায় সেতু এলাকার অবৈধ বালু ব্যবসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি নির্দেশ দিলেই প্রশাসনের তৎপরতা বেড়ে যায়। আমি চলে গেলে আবার শুরু হয় অবৈধ বালুর ব্যবসা। মেঘনা সেতু আমাদের জাতীয় সম্পদ। সেতু এলাকার অবৈধ বালুর ব্যবসা বন্ধ না হলে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রীর আরও বলেন, ক্ষতিগ্রস্ত মহাসড়ক মেরামত না করায় মানুষের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির অজুহাত দেখিয়ে লাভ নেই। বৃষ্টির আগে মহাসড়ক কেন মেরামত করা হলো না? তিনি এ বিষয়ে সওজ প্রকৌশলীদের কাছে কৈফিয়ত চান।
দায়িত্বে অবহেলার কারণে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রোশনি-এ-ফাতিমাকে গতকাল প্রত্যাহার করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সওজের অন্যান্য প্রকৌশলীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্ত্রী চলে যাওয়ার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেঘনা ঘাটে গিয়ে নদী দখল করে অবৈধ বালুর ব্যবসার প্রমাণ পান। পরে তাঁরা পুলিশকে ডেকে এ ব্যবসা বন্ধ করে তিন দিনের মধ্যে মজুত করা বালু অপসারণের নির্দেশ দেন এবং তিনজন বালুশ্রমিককে আটক করে থানায় নিয়ে যান। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেতু এলাকায় অবৈধ বালু ব্যবসা থেকে বিরত থাকতে মাইকিং করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা বলেন, মেঘনা সেতুর পিলার ঘেঁষে বালু উত্তোলন ও নদী দখল করে অবৈধ বালুর ব্যবসা বন্ধে একাধিকবার গ্রেপ্তার অভিযান ও মামলা করলেও তা বন্ধ হচ্ছে না। তিনি বলেন, ‘এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিদিনই অভিযান চালিয়ে যাব, যাতে আর কেউ এ ব্যবসা করতে না পারে।’