জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা শুরু হয়। রাত ১১টায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আলোচনা চলছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এবং অধ্যাপক আমির হোসেন, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক আলোচনায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের পক্ষে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমরান নাদিম, সাধারণ সম্পাদক নজির আমিন চৌধুরী, ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল, সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ প্রায় ১৫ জনের একটি প্রতিনিধিদল।
উপাচার্যের বাসভবনে ভাঙচুর এবং শিক্ষক লাঞ্ছনার অভিযোগে শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন গতকাল চতুর্থ দিনের মতো অবরুদ্ধ ছিল।
এ দিকে মামলা প্রত্যাহারের দাবিতে শহীদ মিনারে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, ‘প্রশাসন শিক্ষার্থীদের প্রতি যে আচরণ করেছে তাতে আমি লজ্জিত। শিক্ষার্থীদের ভুল থাকতে পার। কিন্তু শিক্ষকের জায়গা থেকে শিক্ষার্থীদের প্রতি আরও সহমর্মী হওয়া উচিত ছিল। তা হয়নি। তাই এর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে আমি অবস্থান কর্মসূচি শুরু করেছি।’