প্রশাসনের সঙ্গে সমঝোতায় ছাত্রদলের ধর্মঘট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে।গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে। দীর্ঘ দুই ঘণ্টা আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ১১ এপ্রিলের বর্বরোচিত ঘটনার প্রকৃত দোষীদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে শাস্তি প্রদান, আহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ ও চিকিৎসার সব ব্যয়ভার বহন করা, ছাত্রদলের ওপর করা মামলায় কোনো ধরনের হয়রানি না করা এবং ক্যাম্পাসে সবার সার্বিক নিরাপত্তা প্রদান করার সিদ্ধান্ত নেন। ফলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখা গতকাল মঙ্গলবার থেকে ১০ কার্যদিবস পর্যন্ত ছাত্র ধর্মঘট স্থগিত ঘোষণা করছে। এ ব্যাপারে ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর জানান, প্রশাসন যদি তাঁদের সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়ন না করে, তাহলে ছাত্রদল ধর্মঘট স্থগিত প্রত্যাহারসহ কঠোর কর্মসূচি দেবে।