প্রশাসনের সহযোগিতায় আগুন দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে প্রশাসনের সহযোগিতায় পাহাড়ি গ্রামে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার খাগড়াছড়ি ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির ডাকা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। গতকাল সোমবার বেলা ১১ টায় খাগড়াছড়ি শহরের মহাজনপাড়ার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাঙামাটির লংগদুতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এ ত্রাণ কমিটি গঠন করা হয়।

ত্রাণ কমিটির নেতারা এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ছয় দফা দাবি জানান। অভিযোগ করা হয়, এ ধরনের হামলা পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার পরিকল্পনার অংশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ত্রাণ কমিটির সদস্য ও খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। উপস্থিত ছিলেন সদস্যসচিব ও খাগড়াছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রণিক ত্রিপুরা, লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ও সমাজকর্মী ধীমান খীসা।

লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্তদের উদ্ধৃতি দিয়ে অভিযোগ করা হয়, লংগদু উপজেলায় পাহাড়ি গ্রামে কয়েক ঘণ্টা ধরে বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে তাদের পুরোপুরি সর্বস্ব হারা করা হয়। এ সময় প্রশাসন আক্রমণকারীদের কোনো ধরনের বাধা দেয়নি। হামলাকারীদের হাতে গান পাউডারসহ স্প্রে করার শিশি বা বোতলে বহনযোগ্য দাহ্য পদার্থ, হাতে পেট্রল ও আগুন  লাগানোর উপাদান ছিল। 

প্রশাসনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে লংগদুর অতিরিক্ত দায়িত্বে থাকা বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজুল ইসলাম বলেন, এ অভিযোগ ভিত্তিহীন। প্রশাসন পাহাড়িদের বাড়িঘর রক্ষা করার চেষ্টা করেছে।

১ জুন দুপুরে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকা থেকে লংগদু উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর বাড়ি লংগদু উপজেলা সদরে। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সকালে রাঙামাটির লংগদুর চারটি গ্রামের দুই শতাধিক পাহাড়িদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে তিনটিলা, মানিকজোড়ছড়া, বড়াদম ও বাত্যাপাড়া। ঘটনার সময় আতঙ্কে এসব গ্রামের শতাধিক পাহাড়ি পরিবার পালিয়ে আত্মীয়স্বজনের বাড়ি, মন্দির, বন, পরিত্যক্ত ঘর ও গাছতলায় আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্ত বেশির ভাগ পরিবার এখনো গ্রামে ফিরে যায়নি।