চুয়াডাঙ্গার নুরনগরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার থেকে বীজ প্যাকেটজাতকরণ ও বিতরণের কাজ শুরু হয়েছে। এদিন শ্রমিকদের দুটি পক্ষের চাপে অতিরিক্ত ৬৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিএডিসির কয়েকজন কর্মকর্তা বলেন, প্রয়োজনের বাইরে ওই ৬৭ জন শ্রমিকের জন্য প্রতিদিন ৪০০ টাকা হাজিরা হিসেবে আরও ২৬ হাজার ৮০০ টাকা গুনতে হচ্ছে। বিশেষ মহলের চাপে বাধ্য হয়ে এসব শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে।
শ্রমিকেরা বলেন, গতকাল সকালে ৩০৫ জন মৌসুমি শ্রমিক কাজে যোগ দিতে গেলে একদল বহিরাগত তাঁদের বাধা দেয়। এ সময় কেন্দ্রের অভ্যন্তরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে জেলার নির্বাহী হাকিম তরিকুল ইসলাম ঘটনাস্থলে যান এবং কেন্দ্রের যুগ্ম পরিচালক আবদুল মালেকসহ দুই পক্ষের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় সাবেক শ্রমিক সরদার মো. মোমিনের অনুসারীরা ৩০ জনের নামের তালিকা দেন। বর্তমান শ্রমিক সরদার লোকমান হোসেনের অনুসারীরা দেন ৩৭ জনের তালিকা। সমঝোতা শেষে এই ৬৭ জন শ্রমিকও কাজে যোগ দেন।
কেন্দ্রের অভ্যন্তরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে পুলিশের বিশেষ টহল দল সকাল থেকে দিনভর সেখানে অবস্থান করে। নির্বাহী হাকিম তরিকুল ইসলাম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিএডিসির বৃহত্তম এ বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে মৌসুমি শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে সাবেক শ্রমিক সরদারের নেতৃত্বে একদল বহিরাগত গত সোমবার সকালে হামলা চালায়। এ সময় ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাতটি রাবার বুলেট ছোড়ে। আরও সংঘাত এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ধানবীজ প্যাকেটজাতকরণ ও বিতরণ বন্ধ ঘোষণা করে।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র/ শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে হামলা, তিন পুলিশ আহত’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক আবদুল মালেক বলেন, কেন্দ্রের সার্বিক পরিবেশ অনুকূলে রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল পাঁচটি জেলায় প্রায় ২০০ মেট্রিক টন বীজ পাঠানো হয়েছে।