‘সেনাবাহিনী ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারছে না’
প্রশাসনের সহায়তায় কেন্দ্র দখলের মহোৎসব: বিএনপি
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহায়তায় চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখলের মহোৎসব করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা হতাশা ব্যক্ত করে বলেন, সেনাবাহিনীকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল, কিন্তু ‘এত তাণ্ডবের’ কোনো প্রতিকার পাওয়া যায়নি। ক্ষমতাসীনদের ‘ভোট ছিনতাই’ ও ‘দখলের’ প্রতিবাদে শিগগির কর্মসূচি দেওয়া হবে বলেও জানানো হয়।
নির্বাচনের পরিস্থিতি তুলে ধরতে গতকাল বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত তিন দফা সংবাদ সম্মেলন করে বিএনপি। এসব সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অন্তত পাঁচটি উপজেলার সব কটি কেন্দ্র এবং এর বাইরে বিভিন্ন উপজেলায় অন্তত ৪০০টি কেন্দ্র ক্ষমতাসীন দলের ‘সন্ত্রাসীরা’ দখল করে নিয়েছে।
দুপুরে দ্বিতীয় দফা সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারি ভূমিকার কারণে রহস্যজনকভাবে নির্বাচনে সেনাবাহিনী তাদের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে পারছে না। সেনাবাহিনীকে হাস্যকর করে না রেখে যথাযথ নিরপেক্ষ ভূমিকা পালন করে ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে লোক দেখানোর জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু তাদের যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, নির্বাচন কমিশন সেনাবাহিনীকে একটি চিঠি পাঠিয়েছে বটে; কিন্তু তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো পরিবেশও তৈরি করা হয়েছে। সেনাবাহিনী নিরপেক্ষভাবে তাদের ক্ষমতা প্রয়োগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন উপজেলায় সরকারদলীয় নেতা-কর্মীদের কেন্দ্র দখল, বিএনপির সমর্থকদের ওপর হামলা, ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। আর র্যাব-পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। নির্বাচন কমিশনও এসব অভিযোগ আমলে নেয়নি। তারা সরকারের তল্পীবাহক হিসেবে কাজ করছে। তিনি দাবি করেন, ‘কেন্দ্র দখলের মহোৎসব চলছে। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ জাদুঘরে চলে গেছে।’
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিশোরগঞ্জের ইটনা ও মিঠামইন, পটুয়াখালী সদর ও দুমকি এবং ফেনীর সোনাগাজী উপজেলার সব কটি কেন্দ্র সরকারি দল দখল করে নেয়। এ ছাড়া চট্টগ্রামের বাঁশখালী, রাউজান, ফটিকছড়ি, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, সুনামগঞ্জের ধর্মপাশা, বরিশালের আগৈলঝড়া, মুন্সিগঞ্জের গজারিয়া, যশোর সদর, ফেনীর ফুলগাজী, খুলনার বটিয়াঘাটা, দাকোপ, ফুলতলা, তেরখাদা, রূপসা, পিরোজপুরের মঠবাড়ীসহ অন্তত ৪৪টি উপজেলায় কেন্দ্র দখল, হামলা, জাল ভোটের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেক জায়গায় নির্বাচনের আগের রাতে ভোট দিয়ে বাক্স ভরে রাখা হয়েছে। কোথাও কোথাও পুলিশ কর্মকর্তারাও ব্যালটে সিল মেরেছে।
এদিকে গতকাল রাতে বিএনপির এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা যুবদলের সহসভাপতি হাজিচ মিয়া, কুমিল্লার বরুড়া যুবদলের ওয়ার্ড সভাপতি মনির হোসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হওয়ার ঘটনার নিন্দা জানানো হয়।