প্রশাসনের সহায়তায় ক্লাসে ফিরল মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বখাটে উত্ত্যক্ত করে যাচ্ছিল ছাত্রীটিকে। এতে লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। পরে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। প্রশাসন উদ্যোগ নেয় ছাত্রীটিকে ক্লাসে ফেরানোর। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেয়েটি কলেজে ভর্তি হয়েছে এবং ক্লাস শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রী এ বছর ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পাস করে। বিদ্যালয়ে পড়ার সময় পাশের গ্রামের এক বখাটে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়েটির বাবাকে নানাভাবে নাজেহাল করা হয়। এ ছাড়া ওই ছাত্রীকে তুলে নেওয়ার হুমকি দেয় বখাটে। হুমকিতে ভয় পেয়ে ওই ছাত্রী ভয়ে কলেজে ভর্তি হয়নি। ফুলগাজী প্রেসক্লাবের সভাপতির মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নজরে আসে। পরে তিনি ওই ছাত্রীর বাড়ি গিয়ে তার এবং তার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা সম্পর্কে জানতে পারেন। তিনি বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। ইউএনও ফুলগাজী মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে ওই ছাত্রীর ভর্তির ব্যবস্থা করেন। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম ওই ছাত্রীকে বইপত্র কিনে দেওয়ার আশ্বাস দেন।
ইউএনও কিসিঞ্জার চাকমা বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ ওই ছাত্রীকে নিয়ে কলেজে যান। এরপর মেয়েটি ক্লাসে ফিরে যায়।
স্থানীয় সূত্র জানায়, প্রশাসনের উদ্যোগ দেখে ওই বখাটে গ্রাম থেকে পালিয়ে গেছে।