প্রশাসনের সহায়তায় দুই বোনের চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ শিকলবন্দী থাকার পর জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের দুই বোন পাপড়ি খাতুন ও অনন্যা খাতুনের চিকিৎসা শুরু হয়েছে । জেলা প্রশাসনের সহায়তায় গতকাল শুক্রবার তাঁদের শহরের পুনম নার্সিং হোম হাসপাতালে সেবা দেওয়া হয়।
পাপড়ি খাতুনের বয়স ৩৩ বছর। ছোট বোন অনন্যার খাতুনের ৩০। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৯৯ সালে পাপড়ি আর ২০০১ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় অনন্যার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ২০০৪ সাল থেকে তাঁদের পায়ে শিকল পরিয়ে রাখা হয়। বাবা আবদুল মান্নান ও মা শাহীনা বেগম মারা গেছেন। ছোট ভাই মুশফিকুর রহমান অষ্টম শ্রেণিতে পড়ে। দুই বোনকে সামলাতে আরেক ভাই সম্রাট মিয়ার (১৯) পড়ালেখা হয়ে ওঠেনি। তাঁদের নিয়ে গত ২২ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘শিকলবন্দী এক যুগ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন দেখে জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান তাঁদের বাড়িতে যান এবং চিকিৎসার আশ্বাস দেন।
গতকাল বিকেল চারটার দিকে দুই বোনকে জামালপুর শহরের ওই হাসপাতালে আনা হয়। ময়মনসিংহের সিবিএমসি হাসপাতালের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক এম এ এস পাঠানের তত্ত্বাবধানে দুই বোনের চিকিৎসার কার্যক্রম শুরু হয়েছে। ওই সময় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খানও উপস্থিত ছিলেন। চিকিৎসা শেষে দুই বোনকে বাড়িতে নেওয়া হয়।
চিকিৎসক এম এ এস পাঠান বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসা না হওয়ার কারণে দুই বোনের অবস্থা অনেকটা জটিল হয়ে গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৫ দিনের ওষুধ দেওয়া হয়েছে। এ ওষুধ সেবনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের দীর্ঘদিন চিকিৎসকের তত্ত্বাবধানে রাখতে হবে। যথাযথ চিকিৎসার মাধ্যমে দুজনকে সুস্থ করা সম্ভব।’
জেলা প্রশাসক বলেন, ‘পরিবারটিতে দায়িত্বশীল কেউ নেই। তাই আমাদের তত্ত্বাবধানে দুই বোনের চিকিৎসার কার্যক্রম চালাতে চাচ্ছি। চিকিৎসককে দেখানোর পর তাঁরা বাড়ি ফিরে গেছেন। চিকিৎসক যেভাবে পরামর্শ দেবেন, সেভাবেই কার্যক্রম চলবে। পরিবারটি যাতে সচ্ছলভাবে চলতে পারে, সে ব্যবস্থাও করা হবে।’