বাগেরহাট জেলা বিএনপির নেতারা অভিযোগ করেছেন, বর্তমান সরকারের আমলে চিতলমারীসহ গোটা বাগেরহাট জেলা সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে। পুলিশ ও প্রশাসনের সহায়তায় বিএনপিসহ বিরোধী দল নির্মূলের চেষ্টা করছে আওয়ামী লীগের ক্যাডাররা।গতকাল মঙ্গলবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এসব অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, ২৭ নভেম্বর বিএনপি ও চারদলীয় জোটের নেতা-কর্মীরা বাগেরহাটের চিতলমারী থেকে খুলনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের নেতৃত্বে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তবে প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। হামলাকারীরা পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর এবং বিভিন্ন দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। পরে সন্ধ্যায় পুলিশ গণগ্রেপ্তার শুরু করে। গ্রেপ্তারের ভয়ে বিএনপির অসংখ্য নেতা-কর্মী এখন এলাকাছাড়া। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা, সাবেক সাংসদ শেখ মুজিবুর রহমান প্রমুখ।খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ: খুলনার জনসভায় খালেদা জিয়ার ‘মিথ্যাচারের’ প্রতিবাদে এবং বর্তমান সরকারের আমলে খুলনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহানগর ও জেলা আওয়ামী লীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র তালুকদার আবদুল খালেক। লিখিত বক্তব্যে বলা হয়, খুলনা সার্কিট হাউস ময়দানের জনসভায় খালেদা জিয়া অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। খুলনাসহ সারা দেশের যত মিল-কারখানা বন্ধ হয়েছিল, তা খালেদা জিয়ার শাসনামলে হয়েছিল। শেখ হাসিনা সেসব বন্ধ মিল আবার চালু করেছেন। রূপসা সেতু নির্মাণ, খুলনা বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে পরিণত করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শেখ হাসিনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি শেখ হায়দার আলী ও কাজী এনায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক এমপি বাবুল রানা, জেলা কৃষক লীগের সভাপতি শ্যামল সিংহ রায় প্রমুখ।