শীতলক্ষ্যা নদীর কাঁচপুর সেতুর কাছে বালু উত্তোলন না করার জন্য প্রশাসন সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছিল। গত মঙ্গলবার ওই সাইনবোর্ড নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। বালু উত্তোলন ও ব্যবসা অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন দলের একদল নেতা-কর্মী রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীরা প্রশাসনের তিন দফা নোটিশ উপেক্ষা করেছেন। তাঁদের রুখতে এবার ফৌজদারি মামলা করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল আমিন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, সেতুর কাছে নদী থেকে বালু তুলে ব্যবসা না করার জন্য দখলদারদের সতর্ক করে গত রোববার সেতুর নিচে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু গত মঙ্গলবার দখলদারদের লোকজন ওই সাইনবোর্ড ভেঙে নদীতে ফেলে দিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছেন।তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নদীটি দখলমুক্ত করার জন্য ১৩ জন দখলদার ও বালু ব্যবসায়ীকে পর পর তিন দফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা তা আমলে নেননি। ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে কয়েক দিনের মধ্যে ফৌজদারি মামলা করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত নোটিশ নদীর তীরের অবৈধ দখলদার ও বালু ব্যবসায়ী উপজেলার সোনাপুর গ্রামের বাবু, আছমত, লাবু, শাহ্ আলম, মনির, আশফাক, মিজান, আল আমিন, রাশেদ, মতিউর, মুসলিম, জামান ও হবির নামে পাঠানো হয়। এলাকাবাসী জানিয়েছে, নোটিশ পাওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী। এই ব্যবসায়ীরা এক মাস ধরে রাতের আঁধারে ড্রেজারের সাহায্যে সেতুর পিলার থেকে মাত্র ৫০ গজ দূরে বালু উত্তোলন করেন।নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, সেতুর নিচ থেকে বালু উত্তোলন করলে সেতুর মারাত্মক ক্ষতি হতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।