প্রশাসনের হস্তক্ষেপে চতুর্থ শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া পৌর এলাকার দক্ষিণ বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর আজ শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে সেই বিয়ে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেড়া পৌর এলাকার দক্ষিণ বনগ্রাম মহল্লার ওই ছাত্রীর সঙ্গে বৃশালিখা মহল্লার মাহবুব মোল্লার ছেলে সাদ্দাম হোসেনের (২২) বিয়ে ঠিক হয়। সাদ্দাম পেশায় ট্রাকচালক। আজ শুক্রবার বিয়েটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এই বাল্যবিবাহের খবরটি লোকমুখে জানতে পেরে ইউএনও মিজানুর রহমান ও এএসপি আবু বকর সিদ্দিক গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে বর সাদ্দাম হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা সাদ্দামসহ তাঁর বাড়ির লোকজনকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বাধা সম্পর্কে বোঝান। এরপর তাঁরা দক্ষিণ বনগ্রাম মহল্লায় গিয়ে ওই ছাত্রীর বাড়ির লোকজনকে একইভাবে বোঝান। এতে উভয় পক্ষই বিয়ে বন্ধ করতে সম্মত হয়।
ছাত্রীর মা দাবি করেন, তাঁর মেয়ে চার-পাঁচ বছর ধরে একই ক্লাসে অর্থাৎ চতুর্থ শ্রেণিতে পড়ছে। তার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়লেও আসলে তার বয়স ১৭-এর কাছাকাছি। তাদের মতো দরিদ্র মানুষের মেয়েদের এমন বয়সেই বিয়ে দিতে হয় বলে তিনি মত প্রকাশ করেন।
ইউএনও মিজানুর রহমান বলেন, ‘উভয় পক্ষকেই বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে বলেছি। মেয়েপক্ষ মেয়েটির বয়সসম্পর্কিত কোনো সনদ দেখাতে পারেনি। মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁরা তার বিয়ে দেবেন না বলে কথা দিয়েছেন।’