প্রশাসনের হস্তক্ষেপে ছয়টি বাল্যবিবাহ বন্ধ
মাত্র দুই শ গজের ব্যবধানে তিনটি বাড়ি। শুক্রবার সকাল থেকে চলছিল বিয়ের আয়োজন। তিনটি বাড়িতেই তিন ছাত্রী বিয়ের পাত্রী। এদের মধ্যে একজন সপ্তম, একজন অষ্টম শ্রেণিতে পড়ে। অন্যজন সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে। সকাল থেকে চলছিল রান্নার কাজ। বিয়ের গেট-প্যান্ডেলও করা হয়েছে। শুধু বর আসার অপেক্ষা। কিন্তু বর আসার আগেই তিন বাড়িতে হাজির পুলিশসহ উপজেলা প্রশাসন। ঘটনাস্থল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর গ্রাম।
অন্যদিকে শুক্রবার মাগুরাও ঘটে এমন তিনটি বাল্যবিবাহ বন্ধের ঘটনা। সেখানকার পাত্রীদের একজন সপ্তম শ্রেণির; অন্য দুজন সবে এসএসসি পরীক্ষা শেষ করেছে। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মাগুরা পৌর এলাকায়। অন্য দুজনের বাড়ি ঘোড়ানাছ গ্রামে প্রায় পাশাপাশি।
কুষ্টিয়ার উত্তর ভবানীপুর গ্রামে শুক্রবার দুপুর ১২টার দিকে ওই গ্রামে যান ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মিয়া। সঙ্গে ছিল ভেড়ামারা থানার পুলিশ।
রাসেল মিয়া প্রথম আলোকে বলেন, ‘সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ ওই তিনটি বিয়ের কথা জানতে পারেন। পরে তিনি আমাকে সেখানে পাঠান। এই তিন ছাত্রীর মধ্যে একজনের বাবা দরিদ্র হওয়ার কারণে মেয়েকে বিয়ে দিচ্ছিলেন। অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে স্কুলে যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করত। তার পরিবার বখাটেদের হাত থেকে রক্ষা করতে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সপ্তম শ্রেণিতে পড়া মেয়েটিকে পরিবার জোর করে বিয়ে দিচ্ছিল। এটি তাঁর নিজের বাড়ি নয়; মামার বাড়ি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তিনটি বিয়েই বন্ধ করে দেওয়া হয়।’
মাগুরায় তিনটি বাল্যবিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান। ১৮ বছর বয়স হওয়ার আগে মেয়েদের বিয়ে দেবে না—এমন মুচলেকা নেওয়া হয় পরিবারগুলোর পক্ষ থেকে। পাশাপাশি পরিবারগুলো বলছে, তারা এখন থেকে নিয়মিত তাদের সন্তানদের স্কুলে পাঠাবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই তিন ছাত্রীর মধ্যে দুজনের বাবার আর্থিক অবস্থা বেশ ভালো। সে হিসেবে তাদের বিয়ের আয়োজনও ছিল ধুমধামের সঙ্গে।