প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো গাছ কাটা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কামদিয়া-বেসাইন সড়কের পাশে লাগানো গাছগুলো কাটা বন্ধ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে গতকাল মঙ্গলবার পুলিশ গিয়ে ওই গাছ কাটা বন্ধ করে। এ সময় পুলিশ সড়কটির পাশ থেকে ২৬টি কাটা গাছ জব্দ করে।
উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্র জানায়, ২০০৬ সালে কামদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ও স্থানীয় বেসাইন সমিতি যৌথভাবে সড়কটির দুই ধারে এক কিলোমিটার এলাকায় প্রায় এক হাজার ইউকেলিপটাসগাছ লাগায়। কিন্তু কামদিয়া ইউপির চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী ও বেসাইন সমিতির সভাপতি সন্তোষ চন্দ্র যোগসাজশ করে প্রশাসনের অনুমতি না নিয়ে ওই গাছগুলোর মধ্য থেকে ৪০০ গাছ ৩ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করেন। গত সোমবার সকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত ২৬টি গাছ কাটাও হয়। গতকাল স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ইউএনওর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে গাছ কাটা বন্ধ ও ঘটনাস্থল থেকে ২৬টি কাটা গাছ জব্দ করে। জব্দ করা গাছগুলো সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মজিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, সমিতি ও ইউনিয়ন পরিষদ আলোচনা সাপেক্ষেই ৪০০ গাছ কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়। বেসাইন সমিতির সভাপতি সন্তোষ চন্দ্রও একই কথা বলেন।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক হারুন-অর-রশীদ বলেন, সরকারি অনুমতি ছাড়াই গাছ কাটায় ইউএনওর নির্দেশে তা বন্ধ ও ২৬টি কাটা গাছ জব্দ করা হয়।
ইউএনও মামুন-উল-হাসান বলেন, গাছ বিক্রয় ও কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউপি সদস্য মজিদুল ইসলাম বলেন, গাছ বিক্রির টাকা ইউনিয়ন পরিষদের তহবিলে জমা না দিয়ে ইউপি চেয়ারম্যান আত্মসাৎ করেন।