প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
মেয়েটির বয়স সাড়ে ১১ বছর। সে একটি কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় ভালো। পড়তেও চায় সে। কিন্তু তার বাবা মনে করেন, মেয়ের পড়াশোনা যথেষ্ট হয়েছে। এবার তার বিয়ে দেওয়া চাই। একই গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ের দিন-তারিখও ঠিক করেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়।কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল ইসলাম গত বুধবার উপজেলার মুদিরগাঁও গ্রামে গিয়ে এ বিয়ে বন্ধের নির্দেশ দেন। মেয়েটির বাবা মুচলেকা দেন, মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।এলাকাবাসী ও কিন্ডারকার্টেন সূত্রে জানা গেছে, জন্মনিবন্ধন সনদ ও কিন্ডারগার্টেনে ভর্তির সময় উল্লেখ করা হয়েছে, ওই ছাত্রীর জম্ম ২০০০ সালের ২০ জানুয়ারি। এখন তার বয়স ১১ বছর সাত মাস।কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ জানায়, মেয়েটি পড়াশোনায় ভালো। তাই অল্প বয়সে তাকে বিয়ে দেওয়া হচ্ছে শুনে গত রোববার আটজন শিক্ষক-শিক্ষিকা মেয়েটির বাড়ি গিয়ে তার বাবার সঙ্গে কথা বলেন। বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ—বিষয়টি তাঁকে জানিয়ে দেন তাঁরা। এ ছাড়া মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে এ বিয়ে বন্ধের জন্য তার বাবাকে অনুরোধ করেন। মেয়ের বাবা বিয়ে দেবেন না বলে আশ্বস্ত করলে শিক্ষকেরা ফিরে আসেন। কিন্তু মেয়েটি আর কিন্ডারগার্টেনে আসেনি। একপর্যায়ে শিক্ষকেরা জানতে পারেন, মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছে। পরে বিষয়টি জানানো হলে ইউএনও মো. ওবায়দুল ইসলাম, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী আবুল হাসেমসহ পুলিশ সদস্যরা গত বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা বর-কনের বাবা-মাকে এ বিয়ে বন্ধের নির্দেশ দেন।ইউএনও মো. ওবায়দুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কনের বাবা মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেওয়ায় আমরা ফিরে আসি।’