প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা কিশোরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে দশম শ্রেণির এক ছাত্রী।

গ্রামবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রেহাই পাওয়া স্কুলছাত্রী উপজেলার চুন্টা ইউনিয়নের একটি গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান। গতকাল সোমবার সন্ধ্যায় তার সঙ্গে উপজেলার পানিশ্বর ইউনিয়নের নাইলা গ্রামের এক ছেলের বিয়ের কথা ছিল। এর আগে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন খবর পেয়ে মেয়েটির বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।

মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, উভয় পরিবারের অভিভাবকেরা লিখিতভাবে অঙ্গীকার করেছেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাঁদের ছেলেমেয়েদের বিয়ে দেবেন না।