প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরের বয়স ১৬ আর কনের বয়স ১২। গত শনিবার বিয়ে হওয়ার কথা ছিল তাদের। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র ও এলাকাবাসী বলেন, উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর (১২) সঙ্গে একই গ্রামের এক কিশোরের (১৬) বিয়ের আয়োজন করা হয়। গত শনিবার রাতে বিয়ে হওয়ার কথা ছিল।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছ থেকে মুঠোফোনে এই বিয়ের খবর পান ভারপ্রাপ্ত ইউএনও মো. ইয়াছিন কবীর। তিনি এ বিয়ে বন্ধ করতে উপজেলা প্রশাসনের দুজন অফিস সহকারী ও থানার পুলিশকে নির্দেশ দেন। পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ এবং ওই দুই অফিস সহকারী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তাঁরা বাল্যবিবাহের কুফল ও বর্তমান আইন সম্পর্কে ছেলে ও মেয়ের অভিভাবকদের বুঝিয়ে বলেন। পরে এ বিয়ে বন্ধ হয়। অভিভাবকেরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে ও মেয়ের বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।
মেয়ের এক অভিভাবক বলেন, নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ে দেবেন না। মেয়ে আবার স্কুলে যাবে।