প্রশিকা ভবন খুলে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস আট দিন তালাবদ্ধ থাকার পর প্রশিকা ভবন খুলে দিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা প্রশিকার প্রধান কার্যালয়ের চাবি সংস্থার প্রধান নির্বাহী মাহবুব-উল-করিমের কাছে বুঝিয়ে েদয়। প্রশিকার কর্মীরা কাল আংশিক কাজ করেছেন। শনিবার থেকে দপ্তরের নিয়মিত কার্যক্রম শুরু হবে।প্রশিকার পরিচালক আবদুর রব প্রথম আলোকে বলেন, কাল ভবনে ধোয়ামোছার কাজ হয়। কিছু শাখায় কাজও হয়েছে। তবে কাল শনিবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।এ ব্যাপারে মিরপুর বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, প্রশিকার অরাজক অবস্থার কারণে কার্যালয়ে তালা লাগানো হয়। বর্তমানে পরিবেশ শান্ত হওয়ায় তালা খুলে দেওয়া হয়েছে। প্রশিকার কর্মীদের বৃহৎ স্বার্থের কথা বিবেচনা করেই কার্যালয়টি খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।গত ৩ মার্চ মধ্যরাতে পুলিশ প্রশিকা ভবনে ঢুকে কর্মীদের বের করে দিয়ে ভবনটি বন্ধ করে দেয়। এর পর থেকে প্রশিকা ভবনের নিয়ন্ত্রণ পুলিশের হাতেই ছিল।প্রশিকার পরিচালনা নিয়ে সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের সঙ্গে পরিচালনা পর্ষদের মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি একপর্যায়ে আদালতে গড়ায়। হাইকোর্ট তখন প্রশিকার প্রধান নির্বাহীকে চাবি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু কাজী ফারুকের সমর্থকেরা তা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ প্রধান কার্যালয়ে তালা লাগিয়ে দেয়।