প্রশিকা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে কাজী ফারুকের পক্ষের লোকজন
রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার প্রধান কার্যালয় সংস্থার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহম্মদের পক্ষের লোকজন নিয়ন্ত্রণে নিয়েছে। গতকাল সোমবার রাতে ২০-২৫ জন যুবক প্রশিকা ভবনে ঢুকে অবস্থান নেন।প্রশিকার ঊর্ধ্বতন হিসাব সমন্বয়কারী আলাউদ্দিন অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে কাজী ফারুক আহম্মদ প্রশিকা ভবন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন। খবরটি পেয়ে কর্মীরা দিন-রাত পর্যায়ক্রমে ভবনটি পাহারা দিচ্ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে শেখ সাঈদ ও সাইফুলের নেতৃত্বে ২০-২৫ জন যুবক রড ও লাঠিসোঁটা নিয়ে ভবনে ঢুকে পড়েন। সেখানে অবস্থান নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা বাধা দেওয়ায় তাঁদের বেদম মারধর করা হয়। প্রসঙ্গত, কাজী ফারুক আহম্মদের দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে এবং তাঁর অপসারণের দাবিতে প্রশিকার কেন্দ্র ও মাঠপর্যায়ের কর্মীরা গত বছরের এপ্রিল ও মে মাসে আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৪ মে প্রশাসনিক পরিষদের ১০৫তম সভায় কাজী ফারুককে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। ওই সভায় মাহবুবু-উল-করিমকে প্রশিকার প্রধান নির্বাহী নিযুক্ত করা হয়।এ ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, প্রশিকা ভবনে গন্ডগোলের খবর পেয়ে এসেছি। বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না।