প্রশিকা ভবনের কাছে সমাবেশ নিষিদ্ধ
মিরপুরের প্রশিকা ভবনের চারপাশে সব ধরনের সভা-সমাবেশ, জমায়েত ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করেন। গতকাল বেলা দুইটা থেকে এই আদেশ কার্যকর হয়েছে।গতকালও প্রশিকার কর্মকর্তা-কর্মচারীরা ভবনে ঢুকতে পারেননি। দুপুর পর্যন্ত তাঁরা ভবনের আশপাশে সমাবেশ ও মিছিল করেন। দুপুরে পুলিশ নিষেধাজ্ঞা জারি করার পর সভা-সমাবেশ বন্ধ হয়ে যায়। গতকাল মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন ধরে বিবদমান দুটি পক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সহিংস ঘটনা অব্যাহত আছে। প্রশিকা ভবনটি মূল সড়কের পাশে ও তিন রাস্তার মোড়ে অবস্থিত। এই ভবনের চারপাশে মানুষের বসতি আছে। ভবনের সামনের রাস্তা দিয়ে সাধারণ লোকজন চলাচল করে। দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের লোকজন রাস্তায় এবং ভবনের সামনে জমায়েত হওয়ায় সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তা ছাড়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াতেও বিঘ্ন হচ্ছে। ভবনের সামনের রাস্তায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ফলে এলাকার লোকজন আতঙ্কে আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার এ নিষেধাজ্ঞা জারি করেছেন।