প্রশিকাকে ‘জবরদখল’ মুক্ত করার দাবি
অবৈধভাবে কার্যালয় দখল করে প্রশিকাকে মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছেন কাজী ফারুক আহমেদ। এই অভিযোগ তুলে ‘জবরদখল’ থেকে প্রশিকাকে মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনজিওটির প্রধান নির্বাহী মাহবুব উল করিম। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উল করিম এই আহ্বান জানান। ‘প্রশিকার বৈধ কর্তৃপক্ষ’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন প্রশিকার পরিচালক আবদুর রব, সিরাজুল হক, জে কে বড়াল ও সিরাজুল ইসলাম। মাহবুব উল করিম অভিযোগ করেন, আদালতের নির্দেশ অমান্য করে কাজী ফারুক বহিরাগত ও সশস্ত্র লোকজন নিয়ে প্রশিকা কার্যালয় দখল করেছেন। নিজেকে প্রশিকার চেয়ারম্যান পরিচয় দিয়ে নানা অপপ্রচার ও অপতৎপরতা শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি। কাজী ফারুকের দাবি, আদালতের রায় নিয়েই প্রশিকা কার্যালয়ে ঢুকেছেন তিনি। এ ব্যাপারে মাহবুব উল করিম বলেন, ‘কর্মীদের দাবির মুখে ২০০৯ সালের ২৪ মে প্রশিকার তৎকালীন পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে কাজী ফারুককে অপসারণ করে মো. আবদুল ওয়াদুদকে প্রশিকার নতুন চেয়ারম্যান নির্বাচন করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে সহকারী জজ আদালত ও জেলা জজ আদালত কাজী ফারুকের আবেদন প্রত্যাখ্যান করেন। এরপর আদালত কাজী ফারুককে প্রশিকার সাবেক চেয়ারম্যান ঘোষণা করেন এবং পরিচালনা পর্ষদ বা প্রধান নির্বাহীর সঙ্গে আলাপ করতেই কেবল তিনি প্রশিকায় আসতে পারবেন বলে নির্দেশ দেন। এ ক্ষেত্রে শর্ত হচ্ছে, কাজী ফারুককে প্রশিকায় যেতে হবে সম্পূর্ণ একা। মাহবুব উল করিম অভিযোগ করে বলেন, কাজী ফারুক নিজের রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য একটি রাজনৈতিক দল তৈরি করেন। প্রশিকার সম্পদ ও লোকবলকে রাজনৈতিক কাজে ব্যবহার করে প্রতিষ্ঠানকে ধ্বংসের মুখে নিয়ে যান। তিনি আবার প্রতিষ্ঠানকে ধ্বংস করবেন। ‘গত তিন বছরে আপনারা কী করেছেন’ জানতে চাইলে মাহবুব উল করিম বলেন, ‘২০০২ সালের পর এনজিও ব্যুরো কিংবা এমআরআই কেউ প্রশিকার নিবন্ধন নবায়ন করেনি। কোনো অনুদান আসেনি। আমরা সেখান থেকে প্রতিষ্ঠানকে বাঁচিয়েছি। কর্মীদের বকেয়া ধীরে ধীরে পরিশোধ করেছি।’ তাঁদের বিরুদ্ধে প্রশিকার সম্পদ বিক্রির অভিযোগ সম্পর্কে মাহবুব উল করিম বলেন, অভিযোগের ভিত্তি নেই। কাজী ফারুককে সমর্থন: নিজস্ব প্রতিবেদক, ফেনী জানান, ফেনীসহ প্রশিকার পাঁচটি কার্যালয়ের ব্যবস্থাপক ও কর্মীরা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ফেনীতে বিভাগীয় সমন্বয়কারী দেলোয়ার হোসেন ভূঞার সভাপতিত্বে এক সভায় এ সমর্থন ঘোষণা করা হয়। দেলোয়ার হোসেন ভূঞা গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, তাঁরা সমন্বয় সভার মাধ্যমে কাজী ফারুকের প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস ও ঐক্য ঘোষণা করছেন। সমন্বয় সভায় প্রশিকার ফেনী সদর, সোনাগাজী, কোম্পানীগঞ্জ, কমলগঞ্জ ও মৌলভীবাজার সদর উন্নয়ন এলাকার সব ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।