প্রশিকার কর্মীদের সঙ্গে কাজী ফারুক সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে প্রশিকা ভবনের সামনে গতকাল শনিবার দুপুরে সংস্থার কর্মীদের সঙ্গে সংস্থার সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার প্রশিকা ভবন পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে প্রশিকার কর্মীরা ভবনের বাইরে অবস্থান করছেন। গতকাল বেলা দুইটার দিকে কাজী ফারুক আহমেদের পক্ষে স্লোগান দিয়ে ২০-২৫ জন যুবক ভবনের সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। জবাবে প্রশিকার কর্মীরা পাল্টা স্লোগান দিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।প্রশিকার কর্মী ইলিয়াস মিয়া জানান, ন্যায্য দাবি আদায়ের জন্য তাঁরা শীতের মধ্যে দিন-রাত ভবনের সামনে অবস্থান করে আসছেন। কিন্তু পুলিশ তাঁদের চাবি বুঝিয়ে দিচ্ছে না। এর মধ্যে কাজী ফারুক সুযোগ বুঝে বহিরাগত লোক পাঠিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলছেন।প্রশিকার অপর কর্মী শামসুল আলম অভিযোগ করেন, কাজী ফারুকের পক্ষে যাঁরা মিছিল নিয়ে এসেছিলেন, তাঁদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২০ বছর। প্রতিরোধ করার কারণে তাঁরা ইটপাটকেল ছুড়ে মারেন। প্রতিরোধের মুখে পালিয়ে যাওয়ার সময় যুবকেরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ান।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রশিকা ভবনের সামনের পূর্ব-পশ্চিমমুখী রাস্তার দুই ধারে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ভবনের পশ্চিম দিকে পুলিশ ব্যারিকেডের বাইরে প্রশিকার কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পূর্ব দিকের রাস্তার পাশেও তাঁদের অবস্থান। তাঁরা কাজী ফারুকের বিরুদ্ধে স্লোগান দেন।