প্রশিকার কাজী ফারুকসহ তিনজনের প্রতি হাইকোর্টের রুল
আদালতের রায়ের অপব্যাখ্যা দেওয়ায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার কাজী ফারুক আহম্মদসহ তিনজনের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি শামীম হাসনাইনের একক বেঞ্চ সংস্থাটির নির্বাহী প্রধান মাহবুব-উল-করিমের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে কাজী ফারুক, প্রশিকার সাবেক পরিচালক নার্গিস জাহান ও কাজী খাজে আলমকে এ রুলের জবাব দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছরের ১৬ নভেম্বর করা প্রশিকার বর্তমান প্রধান নির্বাহী মাহবুব-উল-করিম আদালতের রায়ের অপব্যাখ্যা দেওয়ার অভিযোগ এনে ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন। এতে বলা হয়, কাজী ফারুক প্রশিকার চেয়ারম্যান বলে দাবি করেছেন। সংবাদমাধ্যমেও খবর প্রকাশ হয়েছে। তিনি প্রশিকার চেয়ারম্যান বলে চিঠিও পাঠানো হয়েছে। এটি হাইকোর্টের রায়ের অপব্যাখ্যা।