প্রশিক্ষক ও সম্মানীর পরিমাণ জানতে চেয়েছে মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারিদ্র্য বিমোচনে সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পে কারা প্রশিক্ষণ দিয়েছেন এবং তাঁদের কত টাকা সম্মানী দেওয়া হয়েছে, তা প্রকল্প পরিচালকের কাছে জানতে চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১৭ মে মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে তিন দিনের মধ্যে আটটি বিষয়ে ব্যাখ্যা দিতে প্রকল্প পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রথম আলোয় প্রকাশিত তিনটি অনুসন্ধানী প্রতিবেদনের অনুলিপি পাঠিয়ে প্রতিটি তথ্য সম্পর্কে প্রকল্পের জবাব চাওয়া হয়েছে।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমিতিগুলোকে দেওয়া ঋণের ৬৩১ কোটি টাকা কীভাবে অনাদায়ি হলো তা জানাতে বলা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণের নামে অর্থ লুটপাট প্রসঙ্গ, আসবাব ক্রয় ও সফটওয়্যার তৈরির নামে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন বিষয়েও জবাব চাওয়া হয়েছে। তিনটি বেসরকারি ব্যাংকে ৯৩৭ কোটি টাকার বেশি অলস পড়ে থাকা ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নাম ভাঙানোর বিষয়গুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে বলেছে মন্ত্রণালয়।
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত এ প্রকল্পের যে চিত্র প্রথম আলোয় এসেছে, তা উদ্বেগজনক। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব খবরে যেসব প্রশ্ন তোলা হয়েছে, তার জবাব জানতে চাওয়া হয়েছে প্রকল্প কর্তৃপক্ষের কাছে। তিনি বলেন, প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী প্রকল্প ও মাঠের অবস্থা যদি এতটাই খারাপ হয়ে থাকে, তাহলে তা উদ্বেগজনক। প্রকল্প কর্তৃপক্ষ ব্যাখ্যা দেওয়ার পর মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করবে।
১৬ থেকে ১৮ মে পর্যন্ত প্রথম আলোয় একটি বাড়ি একটি খামার নিয়ে তিন পর্বে অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নিয়ে মাঠপর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প পরিচালক প্রশান্ত কুমার রায় গত রোববার রাতে প্রথম আলোকে বলেন, গরিব মানুষকে নিয়ে কাজ করা এ প্রকল্পে এমনিতেই বিভিন্ন প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব ও দুর্বলতা আছে। তার ওপর এসব প্রতিবেদন মাঠে নেতিবাচক বার্তা দিয়েছে। নিজের অনিয়ম ও দুর্বলতা কাটিয়ে তিনি প্রকল্পটি সামনে এগিয়ে নেওয়ার কথা জানান।
একটি সূত্র জানায়, প্রশান্ত কুমারকে এ প্রকল্প থেকে ছাড়া হচ্ছে না। এত অনিয়ম হওয়ার পর তাঁকে অন্যত্র বদলি করার ঝুঁকি মন্ত্রণালয় নিতে চায় না। প্রকল্পটিতে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে ও পরিচালকের একক ক্ষমতা খর্ব করতে একাধিক সৎ ও দক্ষ কর্মকর্তা খোঁজা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর পরামর্শের জন্য অপেক্ষা করবে মন্ত্রণালয়।
তবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি এবং এ-সংক্রান্ত তদন্ত নিয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন। এর আগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) ‘দারিদ্র্য বিমোচনের নামে লুটপাট’ বিষয়ে গত ১৭ জুলাই প্রথম আলোয় শীর্ষ খবর প্রকাশিত হলে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছিল। প্রায় ১০ মাস পরও সেই তদন্ত কমিটি কাজ শেষ করেনি। পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) কয়েকবার তলব করেছে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মাহবুবুর রহমানকে কার্যত সবকিছু ঠিকঠাক করার সুযোগ দেওয়া হয়েছে।
ওই তদন্ত কমিটির একমাত্র সদস্য ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদের কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, তদন্ত করতে তিনি মাঠপর্যায়ে যাবেন।