
সুস্থ থাকা এবং স্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। কিন্তু পাড়া-মহল্লায় খেলার মাঠ নেই বললেই চলে। অধিকাংশ স্কুলেও থাকে না খেলার জায়গা। তাই গড়ে উঠছে ব্যায়ামাগার। ঢাকার দুই সিটি করপোরেশনেরও আছে এমন ৩০টি শরীরচর্চা কেন্দ্র। সেগুলোর হাল অবস্থা জানা যাবে এই আয়োজনে
শরীরচর্চা কেন্দ্রের ঘুণে খাওয়া দরজাটি পেরিয়ে দেখা গেল, গোটা দশেক শরীরচর্চার সরঞ্জাম এলোমেলোভাবে পড়ে আছে। মরিচা ধরা সেসব সরঞ্জামের কয়েকটি আবার বিকল। কোনোটিতে মাকড়সা বাসা বেঁধেছে। বেশির ভাগ আয়না ভাঙা। কয়েকটি আবার রশি দিয়ে আটকানো।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বকশীবাজার শরীরচর্চা কেন্দ্রের চিত্র এটি। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই শরীরচর্চা কেন্দ্রে গত সোমবার বিকেলে গিয়ে দেখা যায়, নবকুমার ইনস্টিটিউটের শিক্ষার্থী মুজিবুর রহমান শরীরচর্চা করছেন। এ সময় তিনি ছাড়া কেন্দ্রটিতে আর কেউ ছিলেন না।
মুজিবুর রহমান জানান, মাসখানেক ধরে তিনি এই শরীরচর্চা কেন্দ্রে আসছেন। কিন্তু কোনো প্রশিক্ষক না থাকায় প্রাথমিকভাবে কী ধরনের ব্যায়াম করা উচিত বুঝতে পারছেন না তিনি। এক ভাইয়ের পরামর্শে তিনি শুধু পুশআপ দিচ্ছেন।
বকশীবাজারের ১/১ গির্দা উর্দু রোডের এই শরীরচর্চা কেন্দ্র স্থানীয় অনেকের কাছে ক্লাব নামে পরিচিত। সেখানে যে ব্যায়াম করা যায়, সেটিও তাঁদের অজানা।
এলাকার শিশুপার্কের মধ্যে টিনশেডের এই শরীরচর্চা কেন্দ্রের অবস্থান। বাইরে থেকে দেখতে পরিত্যক্ত ভবনের মতো। ভবনটি স্যাঁতসেঁতে, দরজা-জানালার অবস্থা ভালো নয়। টিনগুলো পুরোনো, বৃষ্টি হলে পানি পড়ে। ব্যায়ামাগারে কয়েকটি সরঞ্জাম থাকলেও আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। ভবনে পর্যাপ্ত ফ্যান-লাইট নেই। ব্যায়ামের জন্য অতি প্রয়োজনীয় একটি বাদে সব কটি আয়নার অবস্থা খারাপ, ভাঙা।
সোমবার বিকেল পাঁচটার দিকে ব্যায়ামাগারে আসেন রাসেল আহমেদ। তিনি বছর দেড়েক থেকে এখানে শরীরচর্চা করছেন। তিনি বলেন, ‘পুরা জিমটাই সমস্যা। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই। ট্রেইনার নাই। দেখভালের কেউ নেই।’ তিনি জানান, জনা তিরিশেক মানুষ এখানে নিয়মিত শরীরচর্চা করেন।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন্দ্রটিতে তিনজনকে শরীরচর্চা করার জন্য আসতে দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজু নামের এক ব্যক্তি অনেক বছর থেকে এখানে ব্যায়াম করেন। এখানে ব্যায়াম করতে আসা মানুষের কাছে তিনি ‘সিনিয়র ভাই’ হিসেবে পরিচিত। তিনিসহ কয়েকজন মিলে শরীরচর্চা কেন্দ্রের দেখভাল করে থাকেন। তবে কেউ তাঁর সম্পর্কে বিস্তারিত জানাতে না পারায় যোগাযোগ করা যায়নি।
প্রশিক্ষক ছাড়া ব্যায়াম করা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শরীরচর্চা কেন্দ্রটি ডিএসসিসির হলেও তাদের কোনো তত্ত্বাবধান নেই। কোনোমতে চলছে। তিনি আরও বলেন, তাঁদের অর্থায়নেই শরীরচর্চা কেন্দ্রটি চলে। তাঁরা সবাই মিলেই যখন যা প্রয়োজন, ব্যবস্থা করেন। টিন পাল্টেছেন। একটি ফ্যান কিনেছেন।
স্থানীয় অনেক বাসিন্দা বলেন, ব্যায়ামাগারে শরীরচর্চার চেয়ে আড্ডা বেশি চলে। মূলত সন্ধ্যার পর থেকে মানুষ আসা শুরু করেন। পার্কে অনেক রাত অবধি আড্ডা চলে। তখন গাঁজার গন্ধও পাওয়া যায়। রাজনীতি-সংশ্লিষ্ট ছেলেরা আড্ডা দেয় বলে এলাকাবাসী ভয়ে প্রতিবাদ করে না। এখানকার পরিবেশ খুব খারাপ। এসব কারণে অনেক অভিভাবক তাঁদের পরিবারের সদস্যদের এখানে আসতে দিতে রাজি হন না। তাঁরা বলেন, কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের কাছে বারবার ধরনা দিয়েও এসব সমস্যার কোনো সমাধান হয়নি।
ডিএসসিসির অঞ্চল-৩-এর সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ব্যায়ামাগারটির অনেক সমস্যা। যন্ত্রপাতি কম, সেগুলো আবার পুরোনো। কেন্দ্রটি দেখভালের লোকও নেই। তিনি জানান, সিটি করপোরেশনের ব্যায়ামাগারগুলো আধুনিকায়নে প্রকল্প নেওয়া হয়েছে। বছরখানেকের মধ্যেই এ কাজ শুরু হবে।
এ বিষয়ে ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর-বিন-আব্দাল আজিজ বলেন, শরীরচর্চা কেন্দ্রটি সিটি করপোরেশনের অন্য ভবনে স্থানান্তর করা হবে। তিনি বলেন, ‘আমি নিজেও অপেক্ষা করছি, কবে নাগাদ ব্যায়ামাগারের পরিবেশ ভালো হবে।’