প্রশিক্ষকসহ তিনজন আটক খুনি শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শেফ প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোদাব্বির হোসাইন হত্যার ঘটনায় ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আটক করে থানা হেফাজতে নিয়ে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে। গতকাল শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মোদাব্বিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার আলামত সংগ্রহ করলেও এ হত্যাকাণ্ডের কোনো উদ্দেশ্য এখনো পর্যন্ত ধারণা করতে পারছে না পুলিশ।পুলিশ সূত্র জানায়, নগরের শাহজালাল উপশহর এলাকায় ‘ইউনিভার্সেল প্রফেসনাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট’ (ইউপিভিটিআই) নামের শেফ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যুক্তরাজ্যগামী তরুণদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রায় ছয় বছর আগে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন মোদাব্বির। বৃহস্পতিবার রাত আটটার দিকে কার্যালয়ে এমডির কক্ষে মোদাব্বিরের মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় প্রতিষ্ঠানটির প্রশিক্ষক সোহেল আহমদ (৩২), অফিস সহকারী পলাশ আহমদ (২৬) ও নিরাপত্তাকর্মী হাবিব আহমদকে আটক করে পুলিশ। তিনজনকে গতকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোদাব্বির হোসাইনের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও গ্রামে। তিনি দুই সন্তানসহ স্ত্রীকে নিয়ে নগরের লামাবাজারের বিলপাড় এলাকায় থাকতেন।প্রাথমিক তদন্ত ও সিআইডির পর্যবেক্ষণের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, হত্যার ঘটনা সংঘবদ্ধভাবে দুর্বৃত্তরা ঘটিয়েছে। গলায় পেঁচানো অবস্থায় পাওয়া রশিটির ধরন দেখে ধারণা করা হচ্ছে, হত্যার প্রস্তুতি নিয়েই দুর্বৃত্তরা সেখানে গিয়েছিল।গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা না হলেও মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, খুনি শনাক্ত করতে পুলিশ ও সিআইডি চেষ্টা চালাচ্ছে। নিহত মোদাব্বিরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।