প্রশিক্ষকের অপসারণ দাবিতে আন্দোলন পিটিআই অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার কমলাপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের (পিটিআই) শারীরিক প্রশিক্ষক মাহবুব মোস্তফার অপসারণের দাবিতে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকেরা ১২ জানুয়ারি থেকে ক্লাস বর্জন শুরু করছেন। একই দাবিতে তাঁরা গতকাল বৃহস্পতিবার পিটিআই চত্বরে মানববন্ধন করেছেন। এ কারণে পিটিআইয়ের সার্বিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। জানা গেছে, অশালীন আচরণসহ বিভিন্ন অভিযোগে শিক্ষকেরা মাহবুব মোস্তফার অপসারণ দাবি করেছেন। আন্দোলনের তৃতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় পিটিআই চত্বরে বিক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা মানববন্ধন করেন। শেষে তাঁরা পিটিআইয়ের তত্ত্বাবধায়কের কার্যালয় ঘেরাও করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকেরা অভিযোগ করেন, শারীরিক প্রশিক্ষক মাহবুব মোস্তফা নারী প্রশিক্ষণার্থীদের প্রতি অশালীন মন্তব্য করেন ও তাঁদের সঙ্গে আপত্তিকর আচরণ করেন। এ কারণে তাঁরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। প্রশিক্ষক মাহবুব মোস্তফা দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। পিটিআইয়ের কিছু প্রশিক্ষক তাঁর বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের আন্দোলনে উত্সাহিত করছেন।জেলা প্রশাসক ভোলানাথ দে জানান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালামকে সরেজমিনে তদন্ত করার জন্য কমলাপুর পিটিআইতে পাঠিয়েছেন।