দিনাজপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) প্রশিক্ষক (ইনস্ট্রাক্টর সাধারণ) শারমিন সুলতানার অপসারণের দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন ওই কেন্দ্রের প্রশিক্ষণার্থী শিক্ষকেরা। কয়েকজন প্রশিক্ষণার্থী শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টায় পিটিআই প্রাঙ্গণে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী শিক্ষক রিতা বানু, সাবিহা আক্তারসহ অনেকে অভিযোগ করেন, গত ৯ এপ্রিল দিনাজপুর শিক্ষা অধিদপ্তর-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করতে যান শারমিন সুলতানা। তিনি সেখানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজ করেন। প্রশিক্ষণার্থীরা কীভাবে পরীক্ষায় পাস করেন, তা দেখে নেবেন বলে হুমকি দেন।
প্রশিক্ষণার্থী শিক্ষকেরা জানান, ঘটনার প্রতিকার চেয়ে তাঁরা পিটিআইয়ের তত্ত্বাবধায়কের (সুপারিনটেনডেন্ট) কাছে আবেদন করেন। এরপর থেকে শারমিন সুলতানা প্রশিক্ষণার্থী শিক্ষকদের নানাভাবে ভয়ভীতি দেখাতে শুরু করেন। এ অবস্থায় প্রশিক্ষণার্থীরা বাধ্য হয়ে শারমিন সুলতানার অপসারণের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধনসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
অভিযোগের বিষয়ে গতকাল সোমবার রাতে শারমিন সুলতানার সঙ্গে কথা বলা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
দিনাজপুর পিটিআইয়ের তত্ত্বাবধায়ক দিলরুবা চৌধুরী জানান, বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালককে জানানো হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মহিউদ্দিন আহমেদ তালুকদার জানান, ইতিমধ্যে ঘটনা জানতে পেরেছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক দু-চার দিনের মধ্যে ইনস্ট্রাক্টর শারমিন সুলতানার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।