প্রশিক্ষকের কারণে ঝুঁকিতে বিমানের উড্ডয়ন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশিক্ষণ শাখার অনিয়ম-অব্যবস্থাপনার কারণে এর উড্ডয়ন-নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে ইয়েমেন থেকে এয়ারবাসের জন্য বয়োবৃদ্ধ প্রশিক্ষক এনে বহরকে ঝুঁকিতে ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো গত মাসে তাঁকে এয়ারবাসের বহরপ্রধান (ফ্লিট চিফ) করা হয়েছে।
এ ছাড়া নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং-৭৭৭-এর বৈমানিক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগ আছে।
বিমানের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, ইয়েমেনি বয়োবৃদ্ধ পাইলট আবদুল আজিজের এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কানে কম শোনা। ফলে উড্ডয়নের সময় প্রায়ই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বেতার যোগাযোগে সমস্যায় পড়তে হয়। বার্তা ভুলভাবে শোনার কারণে একাধিকবার অবতরণের সময় ঝুঁকিতে পড়তে হয়েছিল। এ ছাড়া তিনি এয়ারবাসের প্রশিক্ষণ পদ্ধতির পরিবর্তে তাঁর নিজস্ব কায়দায় প্রশিক্ষণ দিয়ে থাকেন। এ দুটি বিষয়ই উড্ডয়ন-নিরাপত্তার ক্ষেত্রে বড় উদ্বেগের বিষয়।
বিমান সূত্র জানায়, গৃহযুদ্ধে আক্রান্ত ইয়েমেনের এই বৈমানিক বাংলাদেশ বিমানের এয়ারবাসের প্রশিক্ষক হিসেবে যোগ দেন চলতি বছরের শুরুতে। তিনি এখন বাংলাদেশ বিমানের এয়ারবাসের একমাত্র প্রশিক্ষক।
ক্যাপ্টেন আবদুল আজিজের সঙ্গে ওমানে চাকরি করেছেন, এমন একজন বৈমানিক প্রথম আলোকে বলেন, আবদুল আজিজ ইয়েমেন এয়ারওয়েজে চাকরি করতেন। সেখান থেকে ৫৭ বছর বয়সে অবসরে যান। এরপর যোগ দেন জর্ডান এয়ারলাইনস ট্রেনিং স্কুলে। সেখানে ৬৩ বছর বয়স পর্যন্ত চাকরি করেন। তারপর একটি বেসরকারি বিমান সংস্থায় দুই বছর চাকরি শেষে বাংলাদেশ বিমানে যোগ দেন।
জর্ডান এয়ারলাইনস ট্রেনিং স্কুলে চাকরি নেওয়ার সময় আবদুল আজিজ ইয়েমেনের যে বৈমানিক লাইসেন্স জমা দেন, সেটার অনুলিপি প্রথম আলোর হাতে এসেছে। তাতে দেখা যায়, তাঁর জন্ম ২৯ নভেম্বর ১৯৪৯। সে হিসাবে এখন তাঁর বয়স ৬৬ বছর। কিন্তু বাংলাদেশ বিমানের দেশি পাইলটদের ৬০ বছরে অবসরে পাঠানো হয়। এরপর শারীরিক সামর্থ্য থাকা সাপেক্ষে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিলেও ৬৫ বছরের বেশি কেউ চাকরি করতে পারেন না বা করার আইনত সুযোগ নেই।
কিন্তু ইয়েমেনের আবদুল আজিজ বাংলাদেশ বিমানে যে লাইসেন্স ও পাসপোর্টের অনুলিপি জমা দিয়েছেন, তাতে জন্মতারিখ ২৯ নভেম্বর ১৯৫২ উল্লেখ আছে। অভিযোগ হলো, তিনি জালিয়াতির আশ্রয় নিয়ে বয়স কমিয়েছেন।
এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে জানতে চাইলে তাঁর দপ্তর থেকে লিখিত জবাব দেওয়া হয়। তাতে বলা হয়, বিমানের জমা দেওয়া কাগজপত্র অনুযায়ী আবদুল আজিজের জন্মতারিখ ২৯-১১-১৯৫২। এ নিয়ে গুঞ্জন শুরু হলে তাঁর পাসপোর্ট, লাইসেন্স ও মেডিকেল সনদ পরীক্ষা করে দেখা হয়। তাতে জন্মতারিখ ঠিক পাওয়া গেছে। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে সন্তুষ্ট হয়েছে।
বিমান ও সিভিল এভিয়েশনের সংশ্লিষ্ট শাখার একাধিক সূত্র জানায়, তারা আবদুল আজিজের দেওয়া লাইসেন্স, পাসপোর্ট দেখেই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু জর্ডান ট্রেনিং স্কুলে তাঁর জমা দেওয়া লাইসেন্সের অনুলিপি পাওয়ার পরও বিমান কর্তৃপক্ষ তা যাচাই করেনি। যদিও এ বিষয়ে জর্ডানে চিঠি দিলে একটা জবাব পাওয়া যেত। এ ছাড়া আবদুল আজিজের পুরোনো পাসপোর্টগুলো তলব করলেও সত্যতা পাওয়া যেত।
এ ছাড়া এয়ারবাসের প্রশিক্ষক হওয়ার মতো বিমানের নিজস্ব অভিজ্ঞ পাইলট রয়েছেন। তাঁদের কয়েকজন প্রশিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দিয়ে পাস করে প্রয়োজনীয় প্রশিক্ষণও নিয়েছেন। কিন্তু তাঁদের মধ্যে কাউকে প্রশিক্ষক না করে কেন উচ্চ বেতনে বিদেশ থেকে প্রশিক্ষক পাইলট আনা হলো? এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ লিখিত জবাবে বলেছে, জ্যেষ্ঠ ক্যাপ্টেনরা এয়ারবাসের (এ-৩১০) প্রশিক্ষক হতে অনাগ্রহ প্রকাশ করেন। তাঁরা বোয়িং-৭৭৭ উড়োজাহাজে পদোন্নতি পেতে আগ্রহ দেখান। আর জুনিয়র ক্যাপ্টেনদের মধ্যেÿযোগ্য প্রার্থী নেই।
কর্তৃপক্ষের এই জবাবকে অগ্রহণযোগ্য মনে করে পাইলট-সংশ্লিষ্ট সূত্রগুলো। কারণ, পাইলটদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে চলতে হয়। তাঁদের ইচ্ছা-অনিচ্ছায় চাকরি, পদোন্নতি হয় না; বরং ফ্লাইট পরিচালন শাখা ও প্রশিক্ষণ শাখার প্রভাবশালী কর্মকর্তারা অনুরাগ-বিরাগবশত কোনো কোনো পাইলটকে বাড়তি সুবিধা, আবার কাউকে বঞ্চিত করেন—এই অভিযোগ অনেক পুরোনো। এর নজিরও আছে।
অন্যদিকে বোয়িং-৭৭৭-এর যে কথা কর্তৃপক্ষ বলেছে, তাতেও ব্যত্যয়ের উদাহরণ আছে। যেমন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোজাম্মিলকে কিউ-৪০০ উড়োজাহাজের (অভ্যন্তরীণ ও আঞ্চলিক গন্তব্যে) জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেয় বিমানের পরিচালনা পর্ষদ। কিন্তু পরে পর্ষদের সিদ্ধান্ত উপেক্ষা করে তাঁকে বোয়িং-৭৭৭-এর প্রশিক্ষণে পাঠানো হয় সিঙ্গাপুরে। তিনি বিমানের ফ্লাইট পরিচালন শাখার পরিচালক (ডিএফও) কামাল সাঈদের নিকটাত্মীয়। কিন্তু মোজাম্মিল নির্ধারিত ১০টি সেশন প্রশিক্ষণে অংশ নিয়েও উত্তীর্ণ হতে পারেননি। একপর্যায়ে তাঁকে ফেরত পাঠানো হয়। এরপর আবার তাঁকে সিঙ্গাপুরে পাঠায় বিমান এবং নির্ধারিত সেশনের প্রায় দ্বিগুণ সেশন প্রশিক্ষণ দিয়ে তাঁকে পাস করিয়ে আনা হয়। এটাও নজিরবিহীন।
বিমান-সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এত বয়স্ক পাইলটকে এত কসরত করে বোয়িংয়ের পাইলট না বানিয়ে নিয়মিত পাইলটদের একই রকম সুযোগ দিলে তাঁরা অনেক বেশি দিন ‘সার্ভিস’ দিতে পারতেন।
অবশ্য বিমানের প্রশিক্ষণ শাখার পরিচালক ক্যাপ্টেন ইলিয়াছ দাবি করেন, ‘কোনো পাইলটের ওপর অন্যায় হলে তিনি অভিযোগ করতে পারেন। মোজাম্মিল সিঙ্গাপুরের প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমরা তাঁর বক্তব্য সিঙ্গাপুরের কর্তৃপক্ষকে জানিয়েছি। এরপর তারা এক্সট্রা ট্রেনিং সেশনের ব্যবস্থা নিয়েছে। আমাদের নিয়ম আছে, ২৫ শতাংশ পর্যন্ত এক্সট্রা সেশন করতে পারে।’ অবশ্য মোজাম্মিল ২৫ শতাংশ নয়, প্রায় ১০০ শতাংশ অতিরিক্ত সেশন করেছেন, এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।