প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে সহায়তার আশ্বাস দিলেন ভারতীয় সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং দুই দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে তাঁর দেশের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিজয় কুমার গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে বিজয় কুমার গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে ভারতীয় সেনাপ্রধানকে স্বাগত জানান এবং ১৯৭১ সালে দেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা স্মরণ করেন। তিনি দেশের স্বাধীনতাযুদ্ধে বিজয় কুমারের সাহসী ভূমিকা ও ব্যক্তিগত অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানান।মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে জেনারেল বিজয় কুমার জানান, তিনি ১৯৭১ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ক্যাম্পে মুুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এরপর নভেম্বর থেকে তিনি বিলোনিয়া, ফেনী ও লাকসাম রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন।এ সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার, ভারতের সেনাপ্রধানের সফরসঙ্গী সদস্য এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে বিশ্বাসী বাংলাদেশ। বাসস জানায়, ভারতীয় সেনাপ্রধান বিজয় কুমার গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর মতে এ ধরনের সফরের মাধ্যমে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে ভারতের সরকার, জনগণ ও সেনাসদস্যদের ত্যাগের কথা স্মরণ করেন। সৌজন্য সাক্ষাতের সময় ভারতীয় সেনাপ্রধান বিভিন্ন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ছবি এবং ভারতীয় পত্রপত্রিকায় প্রকাশিত কিছু ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সেনানিবাসে ব্যস্ত দিন: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সোমবার ব্যস্ত দিন কাটান জেনারেল বিজয় কুমার। এ দিন সকালে তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ভারতীয় সেনাপ্রধান সেনাকুঞ্জে গেলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়। পরে তিনি সেখানে একটি গাছের চারা লাগান। এরপর বিজয় কুমার সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীনের সঙ্গে দেখা করতে সেনাবাহিনীর সদর দপ্তরে যান। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতের পর সেনাসদরে পিএসওসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন ভারতীয় সেনাপ্রধান।ভারতীয় সেনাপ্রধান সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রসঙ্গত, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং পাঁচ দিনের সফরে গত রোববার দুপুরে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় এসেছেন। সফর শেষে ২৩ জুন তাঁর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।