যথাযথ প্রশিক্ষণ ও গণসচেতনতা দুর্যোগে মানুষকে রক্ষা করতে পারে। ভবনধস বা ভূমিকম্পের মতো দুর্যোগ থেকে উদ্ধারকাজে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক জরুরি। আর ইমরাত নির্মাণ বিধিমামালা মেনে বাড়িঘর তৈরি করা হলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকটা কমে।
‘একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ নির্মাণ’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের (পিএসটিসি) সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকা সিটি করপোরেশন এই কর্মশালার আয়োজন করে। অ্যাকশনএইড বাংলাদেশ ও ইকো নামের দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই আয়োজনে সহযোগিতা করেছে।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে ‘একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ নির্মাণ’ প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে শুরু করার প্রস্তুতি হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনছার আলী খান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, আইনকানুনের তোয়াক্কা না করে ঢাকায় ভবন তৈরি করা হচ্ছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। বারবার বলা হলেও কেউ শুনছে না। জাপানে ভূমিকম্প বেশি হলেও সচেতনতা ও বিধি মেনে ভবন নির্মাণ হওয়ায় সেখানে ভবনধস ও প্রাণহানি কম।
নাজমুল ইসলাম বলেন, সাভারের রানা প্লাজার মতো রাজধানীর নিউমার্কেট-সংলগ্ন বনলতাসহ পুরান ঢাকার অনেক বিপণিবিতান ঝুঁকির তালিকায়। জেনারেটরের কম্পন ও লোকসমাগম বেশি হওয়ায় এসব ভবন ধসে পড়তে পারে। তিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বলেন এসব বিপণিবিতান থেকে জেনারেটর নামিয়ে আনতে।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, এখন সবার সতর্ক হওয়ার সময় এসেছে। ঘটনার পরে নয়, আগে সতর্ক হতে হবে। তিনি বলেন, বনলতা মার্কেটের দোকান বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও ব্যবসায়ীরা তা মানতে নারাজ। তিনি ক্রেতাদের ওই মার্কেটে না যেতে অনুরোধ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) আবদুস সালাম বলেন, ভবন নির্মাণে মানসম্মত উপাদান ব্যবহার করা হয় না। ভবনে প্রয়োজনমতো বালু, সিমেন্ট ও রড ব্যবহার করা হয় না। এতে ভবন নড়বড়ে হয়। তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদর দপ্তরসহ অনেক সরকারি ভবন ঝুঁকিপূর্ণ। রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে এসব ভবন ধসে পড়বে। তিনি বলেন, ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে সিটি করপোরেশন এলাকায় কাজ চলছে। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করা হয়েছে।
অ্যাকশনএইডের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ আখলাকুর রহমান বলেন, সিটি করপোরেশনকে সম্পৃক্ত করে এলাকা ও ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং তাদের প্রশিক্ষিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন অ্যাকশনএইডের ব্যবস্থাপক রেজাউল করিম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ঝুঁকিহ্রাস বিশেষজ্ঞ মো. মহিউদ্দিন প্রমুখ।