প্রশিক্ষণ গোলার আঘাতে নিহত ১
বান্দরবানের সুয়ালকে অবস্থিত সশস্ত্র বাহিনীর গোলন্দাজ প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণ গোলার আঘাতে একজন নিহত হয়েছেন।
সতর্ক সংকেত উপেক্ষা করে গোপনে প্রশিক্ষণ গোলার ধ্বংসাবশেষ সংগ্রহ করতে গিয়ে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুরে বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলা নিক্ষেপের প্রশিক্ষণ চলছিল। এ সময় রেনিক্ষ্যং এলাকার আর্মি রোড এলাকায় গোপনে গোলার ধ্বংসাবশেষ সংগ্রহ করতে যাওয়া বেলাল হোসেনের (২৮) ওপর একটি গোলা আঘাত হানে।
সুয়ালকের কাইচতলী এলাকার ইউপি সদস্য নুর মোহামঞ্চদ জানান, প্রশিক্ষণের আগে কেন্দ্রের ভেতরে না ঢোকার জন্য মাইকিং করা হয়েছিল। কিন্তু সতর্ক বার্তা না মেনে কাইচতলীপাড়ার কয়েকজন প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে পড়েন। গোলার আঘাতে বেলাল হোসেনের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। পরে তাঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন তাঁরা বিষয়টি মুঠোফোনে জানালে প্রশিক্ষণ বন্ধ রাখা হয়। তাঁরা গোলার ধ্বংসাবশেষের পিতল, লোহাসহ অন্যান্য ধাতুগুলো বিক্রির জন্য সংগ্রহ করেন বলে তিনি জানিয়েছেন। নিহত বেলালের দুই বছরের এক ছেলে ও স্ত্রী রয়েছে। তিনি দিনমজুরি করতেন।
সেনা কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবাহিনীর এক সপ্তাহের জন্য প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার শেষ হওয়ার কথা। বান্দরবান সদর থানার উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, নিহত বেলালের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে।