প্রশিক্ষণ-গোলার স্প্লিন্টারে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাহাড়ি বাইন্যা বিল এলাকায় গতকাল সোমবার সেনাবাহিনীর প্রশিক্ষণকালে ছোড়া গোলার স্প্লিন্টারের আঘাতে এক কিশোর নিহত হয়েছে। ওই কিশোরের নাম মো. রকি (১৩)।জানা গেছে, হাটহাজারী সদরের পশ্চিমে দেওয়াননগর পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর ফায়ার সেন্টার রয়েছে। এখানে প্রশিক্ষণার্থী সেনাসদস্যরা গোলাসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্রের নিয়মিত মহড়া দিয়ে থাকেন।স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়াননগর থেকে ইউনিয়নের চারিয়া গ্রামের বাইন্যা বিলের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। রকির বাড়ি চারিয়া কাজীপাড়ার পশ্চিমে সন্দ্বীপপাড়ায়। সে বাবা বেলালের সঙ্গে পাহাড়ি হিন্দুমারা এলাকায় খামারবাড়িতে থাকত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সে খামারবাড়ি থেকে চারিয়া বাজারে যাচ্ছিল। এ সময় বাইন্যা বিল এলাকায় সেনাবাহিনীর প্রশিক্ষণ-গোলার স্প্লিন্টার রকির পেটে ও হাতে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য গাজী মো. আলী হাসান বলেন, খবর পেয়ে গ্রামবাসী রকির লাশ উদ্ধার করে চারিয়া কাজীপাড়া এলাকায় নিয়ে আসে। বিকেল চারটার দিকে হাটহাজারী থানার পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত হন।ঘটনাস্থল থেকে মুঠোফোনে হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া প্রথম আলোকে নিশ্চিত করেন, সেনাবাহিনীর প্রশিক্ষণকালে ছোড়া গোলার স্প্লিন্টারে রকির মৃত্যু হয়েছে।