প্রশিক্ষণ নিলেও তা কাজে আসে না অধিকাংশ যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শ্রমবাজরে প্রতিবছর ২২ লাখ মানুষ প্রবেশ করছেন। কিন্তু কর্মসংস্থানের সুযোগ আছে মাত্র ১২ লাখের। অর্থাৎ প্রায় অর্ধেকই থাকছেন কর্মসংস্থানের বাইরে। এই সংকট কাটাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থ দিয়ে আত্মকর্মীর সংখ্যা বাড়িয়ে এই বেকারত্ব দূর করা সম্ভব। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না।
গত ছয় বছরে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ১৪ লাখেরও বেশি মানুষ প্রশিক্ষণ নিলেও কাজের সুযোগ করতে পেরেছেন প্রায় চার লাখ। এ তথ্য দিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রশিক্ষণ দেওয়া হলেও ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। আত্মকর্মসংস্থানের সংখ্যা কম।
অবশ্য এ বিষয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, কর্মসংস্থান হয় না এমন ঢালাও বলা ঠিক নয়। অনেকেই বিভিন্ন চাকরিতে কিংবা বিদেশে চলে যান। এর প্রকৃত হিসাব তাঁরা পাচ্ছেন না।
এ রকম পরিস্থিতি নিয়ে আজ রোববার পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর। কেন্দ্রীয়ভাবে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ১২ জন সফল আত্মকর্মী ও তিনজন সংগঠককে যুব পুরস্কার দেওয়া হবে।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ মূলত কারিগরি-সংক্রান্ত। এ জন্য এমন প্রশিক্ষণ দিতে হবে, যাতে প্রশিক্ষণ নেওয়া ব্যক্তি নিজেই উপার্জনের ব্যবস্থা করতে পারেন। তাই এ প্রশিক্ষণটি হতে হবে পূর্ণাঙ্গ। এ ছাড়া প্রশিক্ষণের পর যাঁদের প্রয়োজন আছে তাঁদের সবাইকে একেবারে সহজ শর্তে ঋণ দিয়ে পুঁজির ব্যবস্থা করে দিতে হবে। তাহলেই কেবল তাঁরা আত্মকর্মী হওয়ার সুযোগ পাবেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর ১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ লাখ ১৫ হাজার ১৪১ জন যুব বয়সী নারী-পুরুষ। এর মধ্যে কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছেন ২০ লাখ ৮ হাজার ২৯৮ জন। এঁদের মধ্যে ৮ লাখ ৩৪ হাজার ৩৫১ জনকে ঋণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের সরকারের আমলে গত ছয় বছরে ১৪ লাখ ২০ হাজার ১৯২ যুবাকে প্রশিক্ষণ দেওয়া হলেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে মাত্র তিন লাখ ৯৫ হাজার ৯৬৭ জন। এই ছয় বছরে ঋণ দেওয়া হয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৬ জনকে।
যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বেসিক কম্পিউটার, মৎস্য, পোশাক তৈরি, মোবাইল সার্ভিসিং, গবাদিপশু পালনসহ ৭৪টি বিষয়ে (ট্রেডে) প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক কর্মসূচির আওতায় আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়। আর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয় উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদার ভিত্তিতে। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয় এক থেকে ছয় মাস মেয়াদি। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ হয় সাত থেকে ২১ দিন মেয়াদি। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরাই কেবল যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন প্রশিক্ষণের সুযোগ পান।