প্রশিক্ষণ নিয়ে নারী শ্রমিকদের বিদেশ যাওয়ার আহ্বান
প্রশিক্ষণ নিয়ে নারীশ্রমিকদের দেশের বাইরে কাজ করতে যাওয়ার আহ্বান জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আর এ জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় আরও বেশিসংখ্যক বিদেশগামী নারীদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।সংসদ ভবনে গতকাল মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ কথা বলা হয়। কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, নাসিম ওসমান, আবদুস ছাত্তার, ননী গোপাল মণ্ডল, মো. জাকির হোসেন ও বেগম রওশন জাহান যোগ দেন। সভায় জানানো হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় ২১ দিনের প্রশিক্ষণ পাওয়া নারীশ্রমিকদের একটি তালিকা তৈরি এবং বিদেশ থেকে চাহিদা পাওয়ার পর ওই তালিকা থেকে নারীশ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য নারীশ্রমিক নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে তালিকা করা হচ্ছে। বর্তমানে অনেক নারীশ্রমিক বিদেশে যাচ্ছেন এবং প্রশিক্ষণ থাকায় তাঁরা ভালো আছেন বলে কমিটিকে জানানো হয়।সভায় দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ধর্মঘটী খনিশ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।কমিটির সভাপতি ইসরাফিল আলম বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, নারীশ্রমিকেরা বিদেশে গিয়ে যাতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সে জন্য প্রশিক্ষণের আওতা বাড়াতে বলা হয়েছে। তিনি বলেন, সভায় কমিটির অধিকাংশ সুপারিশ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।