চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রম অভিবাসী দিবসে তথ্যসেবা মেলা
প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে শ্রমিকের ঝুঁকি কমে

চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কার্যভবন প্রাঙ্গণে শ্রম অভিবাসনসংক্রান্ত তথ্যসেবা মেলার বিভিন্ন স্টলে বেশ আগ্রহ নিয়েই ঘুরছিলেন নোয়াখালীর মো. শাকির হোসেন। শ্রম ভিসায় কিছুদিনের মধ্যে কাতারে যাবেন তিনি। বিদেশ যাওয়াসংক্রান্ত কাজে চট্টগ্রামে এসে গতকাল রোববার মেলায় ঘুরতে আসেন তিনি। বললেন, ‘এসে ভালোই হলো। বিদেশ গেলে কী কী করা দরকার, সব জানতে পারলাম।’
আন্তর্জাতিক শ্রম অভিবাসী দিবস উপলক্ষে গতকাল তথ্যসেবা মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত মেলা চলে। মেলায় নিরাপদ অভিবাসন, কাজের প্রশিক্ষণ, ঋণ নেওয়ার প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে আগ্রহী দর্শনার্থীদের বিভিন্ন তথ্য সরবরাহ করা হয়।
মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। এ সময় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ, সরকারি আবাসন পরিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোতাহার হোসেন, চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, বিদেশে যাওয়ার আগে একজন শ্রমিকের প্রশিক্ষণ ও বিভিন্ন তথ্য জানা থাকা প্রয়োজন। তাতে প্রতারণার ঝুঁকি কমে যায়, আয়ের পথও বাড়ে। দালালের দৌরাত্ম্য বন্ধ করার জন্য এখন বিদেশে শ্রমিক পাঠানোর সব কার্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে। তারপরও যদি কেউ এ ধরনের ঘটনার শিকার হন, তাহলে সংশ্লিষ্ট কার্যালয়ে জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীরা ব্যাপক অবদান রাখছেন। সরকারও প্রবাসী ও তাঁদের পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধার প্রতি আন্তরিক।
তথ্যমেলা উদ্বোধনের আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি আগ্রাবাদের সরকারি কার্যভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাদামতলী মোড় ঘুরে আবারও কার্যভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ ছাড়া গতকাল বিকেলে নাসিরাবাদ এলাকার বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চট্টগ্রামের প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়। মোট ১৯৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬ লাখ ৫ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়।