প্রশিক্ষণ পাওয়া কয়েদি নারীদের পুনর্বাসনের উদ্যোগ ব্যর্থ
কয়েদি নারীদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের সুযোগ সৃষ্টির সরকারি উদ্যোগ সফল হয়নি। গত প্রায় তিন বছর ধরে কারাগারে কয়েদি নারীদের নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের একজনও সমাজে পুনর্বাসিত হতে পারেননি। এর কারণ হিসেবে জানা গেছে, কয়েদি অবস্থায় প্রশিক্ষণ দেওয়া হলেও জেলের বাইরে এসে আর্থিক ও সামাজিক কারণে এবং দিকনির্দেশনার অভাবে ওই প্রশিক্ষণ কাজে লাগানোর মতো কোনো সুযোগ তাঁদের হয় না। আর এ ব্যাপারে সমাজসেবা অধিদপ্তরের যে সহায়তা তাঁদের পাওয়ার কথা, তা-ও কখনো পান না। কারাভোগ শেষে সমাজে পুনর্বাসিত হতে নারীদের বেশি সমস্যায় পড়তে হয়। এই বিবেচনায় ২০০৬ সালে সরকার কারা অভ্যন্তরে নারীদের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসনের সুযোগ সৃষ্টির সিদ্ধান্ত নেয়। এ জন্য ২০০৬ সালে প্রণয়ন করা হয় ‘কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা আইন’। ওই আইনে বলা হয়েছে, বিশেষ কিছু অপরাধ ছাড়া সাধারণভাবে সাজা পাওয়া নারীরা কারাগার থেকে বেরিয়ে যেন সত্ পথে উপার্জন করতে পারেন, সে জন্য অর্ধেক সাজা ভোগের পর থেকেই তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু কারা এই প্রশিক্ষণের আওতায় আসবেন, প্রশিক্ষণ নেওয়া কয়েদি নারীরা জেল থেকে মুক্ত হওয়ার পর তাঁদের পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তর কী ব্যবস্থা গ্রহণ করবে—এ সম্পর্কে এবং আইনে বর্ণিত বিষয়গুলো সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ধারণা নেই। সরজমিনে কারাগারে গিয়ে বিভিন্ন স্তরের কর্মচারী, সদ্য মুক্তি পাওয়া নারী হাজতি ও কারাগারে কর্মরত সমাজসেবা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার কাছে নারী কয়েদিদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে কোনো আইন আছে কি না, জানতে চাইলে সবাই বলেন, এ সম্পর্কে তাঁরা জানেন না। আইনটি পড়ে শোনালে তাঁরা এমন কোনো নিয়মের কথা আগে শোনেননি বলে জানান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ কামরুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, সাজা পাওয়া নারীদের যে কেউ চাইলে এই প্রশিক্ষণে সম্পৃক্ত হতে পারেন। তবে আইনের ‘প্রশিক্ষণ নেওয়ার যোগ্যতা’ অংশে বলা হয়েছে, এক বছরের বেশি মেয়াদের কারাদণ্ড পাওয়া নারী কয়েদিরা ৫০ শতাংশ কারাভোগ শেষ করলে তবেই তাঁরা এ ধরনের প্রশিক্ষণের সুবিধা নিতে পারবেন। আর প্রশিক্ষণে অংশ নেওয়ার অযোগ্যতা হিসেবে ফাঁসি, যাবজ্জীবন, রাষ্ট্রদ্রোহিতা ও বিস্ফোরকদ্রব্য আইনের অধীনে সংঘটিত অপরাধে দণ্ডিত নারীদের চিহ্নিত করা হয়েছে। আইনের এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপেক্ষা করছেন কি না, জানতে চাইলে কয়েকজন কর্মকর্তা বলেন, আইনটি সম্পর্কে তাঁরা সুস্পষ্টভাবে কিছু জানেন না। আইনের ৩ (গ) ধারায় বলা হয়েছে, ‘...প্রশিক্ষণপ্রাপ্ত কয়েদিকে কারাদণ্ড ভোগের পর সমাজে সামাজিকভাবে পুনর্বাসিত করার জন্য সমাজসেবা অধিদপ্তর আফটার কেয়ার সার্ভিস প্রদান করবে’। কিন্তু একজন নারীর ক্ষেত্রেও সমাজসেবা অধিদপ্তর এই সেবা দিয়েছে বলে কোনো প্রমাণ নেই। পুনর্বাসন নিশ্চিত না করে এ ধরনের প্রশিক্ষণ দিয়ে ফল পাওয়া যাবে না বলে মনে করেন নারীনেত্রীরা। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, প্রশিক্ষণ দেওয়ার সরকারি উদ্যোগকে স্বাগত জানানো উচিত। তবে পুনর্বাসনের দিকটাতে গুরুত্ব না দিলে তা ফলপ্রসূ হবে না, কয়েদিরাও উত্সাহ হারাবেন।এই কাজে ঢাকার দায়িত্ব পাওয়া সমাজসেবা অধিদপ্তরের ‘প্রবেশন কর্মকর্তা’ হায়দার আলী প্রথমে ‘প্রতিবেদক আইনটি বুঝতে ভুল করেছেন’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘প্রশিক্ষণের সুযোগ পাওয়ার যোগ্যতা সম্পর্কে আইনে কোনো মানদণ্ড নির্ধারণ করে দেওয়া আছে বলে আমার জানা নেই।’ তবে এই প্রতিবেদক তাঁকে আইনের ৪ নম্বর ধারাটি পড়ে শোনালে তিনি নিশ্চুপ থাকেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতি ও কয়েদি মিলিয়ে বর্তমানে পাঁচ শতাধিক নারী রয়েছেন। তাঁদের মধ্যে অনেকেই ২০০৬ সালের আইনের আওতায় ব্লক-বাটিক-সূচিশিল্প, দর্জি বিজ্ঞান, কাপড়ের ফুল তৈরির প্রশিক্ষণ নিয়েছেন। তবে এ পর্যন্ত কতজন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সে বিষয়ে কেন্দ্রীয় কারাগারের কার্যালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশিক্ষক শিপ্রা দাস বলেন, গণশিক্ষা কার্যক্রমে ২০ থেকে ৩০ জন, সেলাই প্রশিক্ষণে ২৫ থেকে ৪০ জন করে শিক্ষার্থী থাকেন। ২০০৭ সালের এপ্রিলে পার্লারের কাজ শেখানো শুরু হলেও কিছু দিনের মধ্যে সেটা অজ্ঞাত কারণে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।