প্রশিক্ষণ-প্রতিষ্ঠানের পুলিশকে বিশেষ ভাতা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মেধাবী কর্মকর্তারা যাতে প্রশিক্ষণ-প্রতিষ্ঠানে যোগ দিতে উৎসাহিত হন, সে জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণ-সুবিধা বাড়ানো ও বিশেষ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যাপারে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তৈরি করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার শতবর্ষ পূর্তি উদ্যাপন উপলক্ষে প্রথম প্রস্তুতি সভায় এ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।২০১২ সালে সারদা পুলিশ একাডেমির শতবর্ষ পূর্তি উদ্যাপন অনুষ্ঠান যাতে অত্যন্ত সাড়ম্বরে হয়, সে জন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সারদা পুলিশ একাডেমির চলমান উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার জন্যও নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নকে সামনে রেখে বর্তমানে জাপান সরকারের আর্থিক সহায়তায় সারদা পুলিশ একাডেমিতে প্রায় ২২ কোটি টাকার উন্নয়নকাজ চলছে। উন্নয়নকাজের মধ্যে আধুনিক ইনভেস্টিগেশন ল্যাব নির্মাণ, একাডেমিক ভবন নির্মাণ, অফিসার্স মেস, ডরমিটরি, পানি সরবরাহ ও স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি নূর মোহাম্মদ, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পুলিশ একাডেমির অধ্যক্ষ আবদুস সালাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মাহমুদুর রহমান ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সারদা পুলিশ একাডেমি দেশের সবচেয়ে প্রাচীন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে একটি। এটি ১৯১২ সালে রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ১৪২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে এএসপি, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও শিক্ষানবিশ পুলিশ কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়।