প্রশিক্ষণ বিমানের চালক বাংলাদেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট মোহাম্মদ রাশেদ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ফিরে গেছেন। গত বুধবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে দিগ্ভ্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সালার থানার রায়গ্রামে তিলখেতে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হন রাশেদ।গতকাল সকালে বিমানচালক রাশেদকে কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরের ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটিতে আনা হয়। সেখানে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের এক কর্মকর্তা তাঁর পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখান। এরপর ভারতীয় বিমানবাহিনীর একটি বিমানে করে রাশেদকে বাংলাদেশে পাঠানো হয়। গত বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদে ওই প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করে। এরপর চালক ওই গ্রামের মনিরুদ্দিন আহমেদের বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদের জেলা শহর বহরমপুরে নিয়ে যান। সেখানে একটি গেস্ট হাউসে তাঁকে রাখা হয়। গতকাল সকালে তাঁকে হেলিকপ্টারে করে ব্যারাকপুরে নেওয়া হয়।