বরিশালে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের ধ্বংসাবশেষ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলট স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ ও স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হকের মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বিমানবাহিনীর পক্ষ থেকে।গত সোমবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে বরিশাল বিমানবন্দরের পাশেই বিমানবাহিনীর পিটি-সিক্স মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে নিহত হন ওই দুই স্কোয়াড্রন লিডার।ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার কাজে অংশ নেওয়া বরিশাল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, কঠোর নিরাপত্তার মধ্যে সকালে উদ্ধারকাজ শুরু হয়। পুরো এলাকা ঘিরে রাখেন বিমানবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। বিধ্বস্ত বিমানটির কিছু অংশ মাটির নিচে ঢুকে যাওয়ায় মাটি খুঁড়ে তা বের করা হয়। বেলা আড়াইটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. শরীফ। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হওয়ার কথা নিশ্চিত করেন এসআই খায়ের।বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বলেন, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সড়কপথে নিয়ে যাওয়া হয়েছে।জানা গেছে, এ ঘটনায় করা অপমৃত্যুর মামলার বাদী বিমানবাহিনীর ১ নম্বর প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটের ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। মামলায় বাদী উল্লেখ করেন, উড়ন্ত অবস্থায় পিটি-সিক্স মডেলের প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনাকবলিত হয়ে পাইলট স্কোয়াড্রন লিডার মাহমুদুল হক ও কো-পাইলট স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ নিহত হন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অনুরোধ জানানো হয়।স্কোয়াড্রন লিডার মাহমুদুল হকের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম ইছাউরা গ্রামে। বাবা মৃত আনোয়ারুল হক। স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার মঙ্গলকান্দি গ্রামে। তাঁর বাবার নাম নাজিউদ্দিন। দুজনেই যশোর বিমানবাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে কর্মরত ছিলেন।এদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকায় বিমানবাহিনী ঘাঁটি বাশার-এ গতকাল নিহত দুই পাইলটের জানাজা হয়েছে। জানাজায় সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী ও দুই পাইলটের স্বজনেরা অংশ নেন। জানাজা শেষে স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হককে গাজীপুরে নিজ গ্রামে এবং স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদকে ঢাকার তেজগাঁওয়ে বিমানবাহিনীর শাহীন কবরস্থানে দাফন করা হয়।