প্রশিক্ষণ ভাতা কেটে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অজুহাতে মাগুরা পিটিআইয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের প্রশিক্ষণ ভাতা নয় মাস ধরে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতা কম দেওয়ার কথা স্বীকারও করেছে।
মাগুরা পিটিআই সূত্র জানায়, নতুন নিয়োগ পাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সরকারিভাবে পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। দেড় বছর মেয়াদি এ প্রশিক্ষণের নাম ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)। প্রশিক্ষণপ্রত্যাশীরা তাঁদের পছন্দ অনুযায়ী পিটিআই বেছে নিতে পারেন। মাগুরা পিটিআইয়ে বর্তমানে ১৯২ জন ডিপিএড প্রশিক্ষণে রয়েছেন। তাঁরা মাগুরা ও আশপাশের জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। চলতি বছরে জানুয়ারি থেকে তাঁদের প্রশিক্ষণ শুরু হয়। এই শিক্ষকদের অধিকাংশই পিটিআইয়ের আবাসিক ভবনে থেকে প্রশিক্ষণ নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে সাতজন প্রশিক্ষণার্থী অভিযোগ করেন, ডিপিএড প্রশিক্ষণকালে প্রত্যেক শিক্ষক মাসে দেড় হাজার টাকা করে সরকারি ভাতা পান। তিন মাস পরপর ভাতার টাকা দেওয়া হয়। সে হিসাবে গত মার্চ মাসে তাঁরা প্রথম তিন মাসের ভাতা পান। কিন্তু নানা অজুহাতে তখন ২০০ টাকা করে কম দেওয়া হয়। পরের তিন মাসে কম দেওয়া হয় ২৫০ টাকা করে। এ নিয়ে প্রশিক্ষণার্থী শিক্ষকেরা আন্দোলনও করেন। তারপরও কোনো সুরাহা হয়নি।
ওই প্রশিক্ষণার্থী শিক্ষকেরা জানান, গত বুধবার ও বৃহস্পতিবার দুদিনে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের ভাতার টাকা দেওয়া হয়। এই তিন মাসের ভাতা হিসেবে প্রত্যেকের সাড়ে চার হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু তাঁদের দেওয়া হয় ৩ হাজার ৯৫০ টাকা। কম দেওয়ার কারণ জানতে চাইলে পিটিআইয়ের প্রধান সহকারী সাহিদা খাতুন শিক্ষকদের বলে দেন, পিটিআইয়ের সুপার স্যার কম দিতে বলেছেন। এর বাইরে তিনি কোনো কৈফিয়ত দিতে পারবেন না।
অভিযোগকারী প্রশিক্ষণার্থী শিক্ষকেরা বলেন, এর আগে এসব অন্যায়ের প্রতিবাদ করায় অনেক প্রশিক্ষণার্থী ক্ষতির মুখে পড়েছিলেন। তাই সব অন্যায় তাঁরা মুখ বুজে সহ্য করতে বাধ্য হচ্ছেন।
প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কম দেওয়ার কথা স্বীকার করেন মাগুরা পিটিআইয়ের তত্ত্বাবধায়ক (সুপারিনটেনডেন্ট) বাদল চন্দ্র বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, পিটিআইয়ে সিসি ক্যামেরা লাগানো হবে। এ জন্য প্রত্যেক প্রশিক্ষণার্থীর ভাতা থেকে ৫৫০ টাকা করে কেটে রাখা হয়েছে। ভবিষ্যতে আর কম দেওয়া হবে না। তবে বিগত সময়ে প্রশিক্ষণার্থীদের ভাতার টাকা কম দেওয়ার কথা অস্বীকার করেন তিনি।