প্রশিক্ষণ শিবিরে হামলার ঘটনায় অবশেষে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) প্রশিক্ষণ শিবিরে বখাটেদের হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ময়নামতি ব্যাটালিয়নের রেজিমেন্ট-৪-এর অফিস সহকারী মো. আবু সিদ্দিক গত শনিবার রাতে ছয়জনকে আসামি করে দেবীদ্বার থানায় এই মামলা করেন।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে দেবীদ্বারের আর পি উচ্চবিদ্যালয়ের মাঠের পাশ থেকে সজীবকে (১৮) ও জামাল ওরফে জামিলকে পৌর এলাকার কালাচাঁদ মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।ওসি আরও জানান, মামলার অন্য আসামিরা হলেন নাদিম, সাজ্জাদ, সোহাগ ও মাহফুজ। শেষের দুজন বাদে অন্য আসামিরা সুজাত আলী কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। উল্লেখ্য, প্রশিক্ষণার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে বিএনসিসির প্রশিক্ষণ শিবিরে স্থানীয় বখাটেরা হামলা চালায়। কলেজ কর্তৃপক্ষ বা বিএনসিসি মামলা করার দায়িত্ব নিতে না চাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা হয়নি। নিরাপত্তাহীনতার কথা বলে গত শনিবার বেলা আড়াইটার দিকে প্রশিক্ষণ শিবির স্থগিত করে সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান। পরে বিএনসিসির পক্ষ থেকে মামলা করা হয়।