প্রশিক্ষণ শেষ করলেন ১৭৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাবিক প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৩তম ব্যাচে ১৭৮ জন প্রশিক্ষণ শেষ করেছেন। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণার্থীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সমাপনী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম।
নৌসচিব বলেন, মন্দার কারণে জাহাজ ব্যবসায় ধস নামায় গত কয়েক বছর নাবিকদের চাকরির বাজার সংকুচিত হয়ে পড়ছিল। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে আসায় আবারও আন্তর্জাতিক বাজারে নাবিকদের চাহিদা বাড়ছে।
অনুষ্ঠানের শেষ পর্বে আন্তর্জাতিক মান নির্ণয়কারী সংস্থা ‘ডিএনভি-জিএল’-এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাসুদ করিম নৌসচিব সৈয়দ মনজুরুল ইসলামের হাতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ‘আইএসও ৯০০১:২০০৮’ সনদ তুলে দেন। একই অনুষ্ঠানে অপর আন্তর্জাতিক মান নির্ণয়কারী সংস্থা ব্যুরো ভেরিটার্স (বিভি) থেকে ‘ডব্লিউপিএস’ সনদ দেওয়া হয়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়ার হাতে এই সনদ তুলে দেন সংস্থাটির কান্ট্রি ম্যানেজার হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের, নৌবাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম, এনএমআইর অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।