প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন ৩৩ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশিক্ষণ শেষে ৩৩ জনের হাতে তুলে দেওয়া হয়েছে চাকরির নিয়োগপত্র। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ১২ জন। এঁদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ।
ছয় মাসের আইটি সহায়তা এবং ওয়েব ডিজাইন ও গ্রাফিক ডিজাইন কোর্স শেষ করার পর ৪৫ জনকে গতকাল বৃহস্পতিবার সনদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগপত্র দেওয়া হয়। শিক্ষিত বেকার যুবাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পিকেএসএফের আর্থিক সহযোগিতায় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মার্স সল্যুশন লিমিটেড এঁদের প্রশিক্ষণ দিয়েছে।
রাজধানীর ফার্মগেটে মার্স সল্যুশনের কার্যালয়ে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক প্রতিনিধি এম এ মোমেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন আহমেদ, পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। সভাপতিত্ব করেন মার্স সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ইলাহী চৌধুরী। মার্স সল্যুশন দেশের ৬৪ জেলায় স্বতন্ত্র প্রশিক্ষণ কেন্দ্র চালুর আশা জানিয়ে এ ব্যাপারে পিকেএসএফের সহযোগিতা চায়। বিজ্ঞপ্তি।