প্রশিক্ষণ শেষে জাহাজে ওঠার অপেক্ষায় তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ১৫৭ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ছয় মাসের প্রশিক্ষণ কোর্স শেষ করার পর তাঁরা এখন জাহাজে কর্মজীবন শুরু করতে পারবেন।
চট্টগ্রাম নগরের সল্টগোলা এলাকায় ইনস্টিটিউটের ক্যাম্পাসে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া, নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে দেশি-বিদেশি অনেক বাণিজ্যিক জাহাজে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট ও মেরিন একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তারা কাজ করছেন। বহির্বিশ্বে তাঁরা বাংলাদেশের দূত। নৌ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে এই ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বলেন, এ পর্যন্ত ১৫টি ব্যাচে ২ হাজার ৬৩০ জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯১৮ জন নাবিক দেশি-বিদেশি জাহাজে কর্মরত রয়েছেন। তিনি বলেন, গত কয়েক বছরের মধ্যে এই ইনস্টিটিউট দুটি আন্তর্জাতিক মানের সনদ অর্জন করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন নৌমন্ত্রী। ডেক বিভাগে মো. নোমান ছিদ্দিক, ইঞ্জিন বিভাগে সানোয়ার হোসেন, ফিটার কাম ওয়েল্ডার বিভাগে গাউছুর রহমান, কুক বিভাগে আবদুল হালিম আল মামুন ও স্টুয়ার্ড বিভাগে মাহাবুবুল আলম সেরা প্রশিক্ষণার্থী নির্বাচিত হন।